ভুয়া সিলমোহরে ভিসা কার্যক্রম চালানোয় তিনজনের দণ্ড
ভুয়া সিলমোহর ও কাগজপত্রের মাধ্যমে ভারতীয় ভিসা কার্যক্রম চালানোর অভিযোগে খুলনা নগরের আলীশান হোটেল মোড় এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল খালেক, পলাশ সাহা ও মোহাম্মদ আলী। তাঁদের কাছ থেকে খুলনা নগরের পাসপোর্ট কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠান এবং চিকিৎসকের ভুয়া সিলমোহর উদ্ধার করা হয়েছে। থানা-পুলিশ জানায়, ভুয়া সিলমোহরের মাধ্যমে চক্রটি দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা কার্যক্রম চালিয়ে আসছিল। মহানগর ডিবির সহকারী কমিশনার কনক কুমার দাস জানান, অনলাইনে ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানটির মালিক আবদুল খালেক ও পলাশ সাহা এবং কর্মচারী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ কম্পিউটার, একটি প্রিন্টার, প্রায় ২০টি ভুয়া সিলমোহর উদ্ধার করা হয়।