ভুয়া স্লিপে চাল তুলতে গিয়ে ইউপি সদস্য কারাগারে
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম রেজা ভুয়া তালিকা তৈরি করে ভিজিএফের চাল তুলতে গিয়ে গতকাল বুধবার ধরা পড়েছেন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ্জাকুল ইসলাম এ সাজা দেন।
ইউএনও বলেন, হরিপুরে সকাল থেকে দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ চলছিল। সেখানে তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা। তদারকি কর্মকর্তা পরিচয়পত্র দেখতে গেলে সেলিম রেজার কোনো লোক পরিচয়পত্র দেখাতে পারেননি। তাঁর (সেলিম) পকেটে পাওয়া ২৭টি স্লিপে যাঁদের নাম লেখা ছিল, তাঁদের কাউকে এলাকার লোকজন চিনতে পারেননি। সেলিম সেসব স্লিপেই চাল নেওয়ার জন্য তদারকি কর্মকর্তাকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে সেলিম তাঁকে বাইরে বের হলেই হত্যার হুমকি দেন। খবর পেয়ে ইউএনও সেখানে যান। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেলিমের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। আদালতে সেলিম দোষ স্বীকার করায় তাঁকে ওই কারাদণ্ড দেওয়া হয়।