ভুয়া হজযাত্রীদের ব্যাপারে সতর্ক থাকার সুপারিশ
ভুয়া হজযাত্রীদের ব্যাপারে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে সতর্ক থাকার সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বলেছে, ভবিষ্যতে যাতে কোনো ভুয়া হজযাত্রী সৌদি আরবে যেতে না পারেন, সে জন্য মন্ত্রণালয়কে সজাগ থাকতে হবে। একই সঙ্গে মন্ত্রণালয়কে আগামী হজ মৌসুমের সময় ভুয়া হজযাত্রী পাঠানোর সঙ্গে যুক্ত ট্রাভেল এজেন্সিসহ তাদের এজেন্টদের ব্যাপারে সতর্ক থাকার সুপারিশ করা হয়েছে।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে সভায় অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী শাজাহান মিয়া, এ বি এম আবুল কাসেম, সাধন চন্দ্র মজুমদার ও বজলুল হক হারুন। সভায় মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী মৌসুমে এক লাখ ২০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন। কমিটির সভাপতি সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘গত বছর হজের সময় হাবের মাধ্যমে প্রায় দুই হাজার বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব গিয়ে আর ফিরে আসেননি। আগামী হজ মৌসুমে যাতে এমন কোনো ভুয়া যাত্রী যেতে না পারে, সে ব্যাপারে মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলা হয়েছে।’