ভূ-উপরিস্থ পানি বেশি ব্যবহারে জোর দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তির প্রতি আগ্রহী হতে এবং সব ধরনের ঝুঁকিপূর্ণ বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানি বেশি পরিমাণে ব্যবহার করার এবং সব এলাকার সব জলাধার সংরক্ষণের ওপর জোর দেন।গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী সব নাগরিকের প্রতি ফলদ, বনজ ও ভেষজ—এই তিন ধরনের অন্তত তিনটি গাছের চারা সংগ্রহ এবং পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ায় ভূমিকা রাখার আহ্বান জানান। ‘দূষণ রোধে শিল্প কলকারখানায় ইফ্যুলয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপনই যথেষ্ট নয়’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পরিবেশদূষণ রোধে শিল্পোদ্যোক্তাদের সম্পদসাশ্রয়ী উন্নত প্রযুক্তির ব্যবহার ও ক্রমান্বয়ে জিরো বর্জ্য পদ্ধতির দিকে অগ্রসর হতে হবে। শেখ হাসিনা বলেন, পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ, জীববৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে প্রকৃতির নিবিড় সম্পর্ক। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, নির্বিচারে বন উজাড়, পাহাড় কাটা, জলাভূমি ভরাট, নদীর নাব্যতা হ্রাস এবং কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে জীববৈচিত্র্য বিঘ্নিত হয়েছে। তাই বর্তমান সরকার দেশের বনাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষায় বনায়ন সৃষ্টি, নদী ড্রেজিং ও সারের পরিমিত ব্যবহারসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গ্রিন ইকোনমির উন্নয়নে গ্রিন এনার্জির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, গ্রিন গ্রোথ ও গ্রিন ইকোনমির জন্য চাই গ্রিন এনার্জি। এ জন্য সরকার নবায়নযোগ্য জ্বালানিনীতি প্রণয়ন করেছে। সব ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সরকার ক্লিন ডেভেলপমেন্ট ম্যাকানিজমকে বিশেষ প্রাধান্য দিচ্ছে।বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মহাসচিব মাইকেল জেরার্ড। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর বিশেষ পুরস্কার দেন। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে তিনজনকে জাতীয় পরিবেশ পদক ও তিনজনকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন এবং গাছের চারা রোপণের জন্য ৪৫ ব্যক্তি ও সংস্থাকে প্রধানমন্ত্রীর বিশেষ পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস-২০১২ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। তিন মাসব্যাপী গাছের চারা রোপণ অভিযান ও বৃক্ষমেলার এবারের প্রতিপাদ্য ‘সবুজ নগর, সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’। বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘গ্রিন ইকোনমি: ডাজ ইট ইনক্লুড ইউ?’প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টি করাই বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে সরকারি বনভূমি, বসতভিটা, পতিত ও প্রান্তিক ভূমি, রাস্তার ধার, রেললাইন ও বাঁধের ধার, নতুন জেগে ওঠা চর, খাসজমি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।