ভূগর্ভস্থ ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে দগ্ধ ৬
ধানমন্ডি আবাসিক এলাকায় একটি বাড়ির ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে এক নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন বাড়ির নিরাপত্তারক্ষী আবেদ আলী (৫০), শ্রমিক সাদ্দাম হোসেন (২৮), আবদুর রাজ্জাক (৫০), মাসুম আলী (২৪), রাজ্জাক (২৩) ও শিরিন আক্তার (২৭)। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ধানমন্ডির ৪ নম্বর সড়কের একটি বাড়ির ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কারের জন্য মালিক মোজাম্মেল হক গত শুক্রবার থেকে কয়েকজন শ্রমিককে কাজে লাগান। শ্রমিকেরা কয়েক দিন ধরে সেখানে কাজ করছিলেন। গতকাল সকাল ১০টার দিকে তাঁরা ট্যাংক পরিষ্কার করতে নামলে হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়। এতে ভেতরে কাজ করতে থাকা শ্রমিকেরা দগ্ধ হন। এরপর স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক মাসুম ও রাজ্জাক প্রথম আলোকে বলেন, ভূগর্ভস্থ পানির ট্যাংকের মুখ খুলে নিচে নামার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির নিরাপত্তাকর্মী আবেদ আলী বলেন, তিনি এবং নারী শ্রমিকসহ দুজন পানির ট্যাংকের ওপরে ছিলেন। একপর্যায়ে আগুনের গোলা ওপরে এলে তাঁরা তিনজনও দগ্ধ হন। বার্ন ইউনিটের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর প্রথম আলোকে বলেন, দগ্ধ সবার শ্বাসনালি পুড়ে গেছে। তাঁরা কেউই শঙ্কামুক্ত নন। আগুনে আবেদ আলীর শরীরের ৩৮, সাদ্দামের ৩০, আবদুর রাজ্জাকের ৩৮, মাসুমের ৪৯, রাজ্জাকের ২৭ ও শিরিন আক্তারের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে মোহাম্মদপুর থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান।
বিস্ফোরণের কারণ জানতে চাইলে মিজানুর রহমান বলেন, রিজার্ভ ট্যাংকে পানি ছিল না। সেখানে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে কাজ করছিলেন শ্রমিকেরা। অতিরিক্ত গ্যাসের কারণে বাতি ফেটে বিস্ফোরণ ঘটতে পারে।
ধানমন্ডি থানার ওসি হেলালউদ্দিন বলেন, গত মঙ্গলবার পানির ট্যাংকের মেঝেতে ঢালাই করার পর তা ঢেকে রাখা হয়। গতকাল শ্রমিকেরা ট্যাংক পরিষ্কার করতে নেমেছিলেন। তিনি শুনেছেন, বিড়ি বা সিগারেট জ্বালানোর কারণেই নাকি বিস্ফোরণ হয়েছে।