ভূগর্ভস্থ দেয়ালে চাভেজের চেহারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার নির্মাণাধীন প্রকল্পের দেয়ালে ভেসে ওঠা চাভেজের কথিত সেই ছবির আলোকচিত্র দেখাচ্ছেন প্রেসিডেন্ট মাদুরো। ছবি: রয়টার্স
ভেনেজুয়েলার নির্মাণাধীন প্রকল্পের দেয়ালে ভেসে ওঠা চাভেজের কথিত সেই ছবির আলোকচিত্র দেখাচ্ছেন প্রেসিডেন্ট মাদুরো। ছবি: রয়টার্স

নির্মাণকাজ চলতে থাকা ভেনেজুয়েলার একটি ভূগর্ভস্থ স্থানের দেয়ালে প্রয়াত নেতা হুগো চাভেজের চেহারা ফুটে উঠেছে। গত বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এ দাবি করেন। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।
মাদুরো বলেন, ‘আপনাদের এসব বলতে গিয়ে আমার গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে।’
এ অলৌকিক ঘটনা নির্মাণশ্রমিকেরা দেখেছেন বলে দাবি করেন মাদুরো। ওই দেয়ালে ফুটে ওঠা চাভেজের মুখচ্ছবির একটি আলোকচিত্রও হাজির করেন তিনি। পূর্বসুরি চাভেজকে রাজনৈতিক আদর্শ মানেন মাদুরো।
এ বছরের গোড়ার দিকে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকে তাঁর ভক্ত, অনুরাগীদের কাছে তিনি এক পৌরাণিক চরিত্রে পরিণত হয়েছেন। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট মাদুরোও বেশ কয়েকবার তাঁর মৃত গুরু চাভেজের আত্মা দেখতে পাওয়ার দাবি করেছেন। এমনকি পাখির আকারেও তিনি চাভেজকে দেখতে পেয়েছেন বলে জানান।
সম্প্রতি কারাকাসে নির্মাণাধীন এক পাতাল রেললাইন স্থাপনার প্রকল্পের দেয়ালে মধ্যরাতে হঠাত্ অল্প সময়ের জন্য চাভেজের  চেহারা  ভেসে ওঠে বলে দাবি করেন মাদুরো।
নির্মাণাধীন প্রকল্পের শ্রমিকেরা তাঁদের মুঠোফোনে হঠাত্ ভেসে ওঠা চাভেজের ছায়াটির ছবি তুলে ফেলেন বলে জানান মাদুরো।
মাদুরো এই অবিশ্বাসযোগ্য ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘এটি কার চেহারা? এ দৃষ্টি আমাদের জন্মভূমির চারদিকে ছড়িয়ে থাকা দৃষ্টি।’
তিনি বলেন, ‘চেহারাটি ভেসে ওঠার সঙ্গে সঙ্গে আবার অদৃশ্য হয়ে যায়।’
মাদুরোবিরোধীরা অবশ্য মাদুরোর চাভেজের ছায়া দেখতে পাওয়ার দাবি উড়িয়ে দেন। তাঁদের মতে, মাদুরো চাভেজের ভাবমূর্তি নিয়ে ভাঁড়ামি করছেন, এতে আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হচ্ছে।