ভূগর্ভস্থ পানির স্তর ১০ মিটার পর্যন্ত নেমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, সুপেয় পানি ও কৃষি কাজে ভূগর্ভস্থ পানির ওপর অধিক নির্ভরশীলতার কারণে ভূগর্ভস্থ পানির স্তর ৩ থেকে ১০ মিটার নিচে নেমে গেছে। ফলে শুষ্ক মৌসুমে নলকূপে পর্যাপ্ত পানি পাওয়া যায় না।

আজ মঙ্গলবার সরকারি দলের সদস্য মো. নবী নেওয়াজের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন জাতীয় সংসদে এই তথ্য জানান। স্পিকার শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

মোশাররফ হোসেন জানান, এই অবস্থা উত্তরণের জন্য ৩৭৫ কোটি টাকা ব্যয়ে ‘পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষে জেলা পরিষদের পুকুর/দিঘী/জলাশয়সমূহ পুনঃখনন/সংস্কার’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ ছাড়া পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১৪৩টি পুকুর পুনঃখনন ও ২০০টি পুকুর নতুনভাবে খনন করা হবে।

মো. আব্দুল মতিনের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন জানান, বর্তমানে দেশের ৮৭ শতাংশ মানুষ বিশুদ্ধ পানির সুবিধা আওতাভুক্ত। ১৩ শতাংশ জনগণ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে পানি সংগ্রহ করে থাকে।