ভূগর্ভস্থ পানিস্তর ধরে রাখতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূগর্ভস্থ পানির স্তর প্রতিবছর নিম্নগামী হচ্ছে। তাই পানির স্তর ধরে রাখতে সব মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আজ মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ভূগর্ভস্থ পানির স্তর সম্পর্কিত এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান খাবার পানির জন্য মাত্র ১০ শতাংশ ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়। বাকি অংশ কৃষি খাতে ব্যবহৃত হয়। কাজেই পানিস্তর ধরে রাখার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ অন্য মন্ত্রণালয়গুলোকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। সরকার ইতিমধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূমির ওপরের পানি ব্যবহারের পদক্ষেপ গ্রহণ করেছে। সিলেট ও বরিশাল মহানগর এবং গোপালগঞ্জ, পিরোজপুর, মৌলভীবাজার, চাঁদপুর, বান্দরবান ও নরসিংদীতে ভূমির ওপরের পানি সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করতে পানি শোধনাগার প্ল্যান্টের মাধ্যমে নিরাপদ পানির চাহিদা মেটানো হচ্ছে।
মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা ওয়াসার উৎপাদিত পানির ২২ ভাগ ভূমির ওপরের পানি থেকে আসছে। ২০২১ সাল নাগাদ এর হার ৭০ ভাগে উন্নীত করা হবে।

রাজধানীতে কুকুরের বন্ধ্যাকরণ চলছে

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে রাজধানীতে বেওয়ারিশ কুকুর নিধনের কাজ বন্ধ রয়েছে। বর্তমানে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কুকুর মারা বন্ধ রেখে টিকাদান কর্মসূচি ও বন্ধ্যাকরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কুকুরের টিকাদান কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাস্তবায়ন করা হচ্ছে। অভয়ারণ্য নামের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে বন্ধ্যাকরণ কার্যক্রম চালু আছে।