বৃষ্টির পানি আর পুকুরের পানি গিয়ে মিশছে ভূগর্ভস্থ লবণপানির সঙ্গে। পরিশোধনের মাধ্যমে এ পানি খাওয়ার উপযোগী হয়ে উঠে আসছে। মাটির নিচেই গড়ে তোলা হয়েছে প্রাকৃতিক জলাধার। যে জলাধার থেকে এক সময় পাওয়া যেত লবণপানি, সেখান থেকে উঠছে মিষ্টি পানি।এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে আইলা-দুর্গত সাতক্ষীরার আশাশুনিতে। আশাশুনি সদরে উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে স্থাপিত এই পানি শোধনাগার থেকে পানি সংগ্রহ করতে এসে মানিকখালীর সুধা রানী জানালেন, আইলার পর এলাকায় পানির কষ্ট বেড়েছে। সব পুকুরের পানি লোনা হয়ে গিয়েছিল। বিশুদ্ধ পানি সংগ্রহের সুযোগ ছিল না বললেই চলে। আগে দুই কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হতো। এখন পাওয়া যাচ্ছে আধা কিলোমিটারের মধ্যে। আশাশুনির দয়ার খাল রোডের আবদুস সালাম জানান, এই জলাধার থেকে দুই মাস ধরে পানি নেন তিনি। এখানকার পানির লবণাক্ততা আগের চেয়ে অনেক কমেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, আইলা-দুর্গত আশাশুনি এলাকার মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহ করতেই পরীক্ষামূলকভাবে এই শোধনাগার চালু হয়েছে। এটা কম খরচে নির্মাণ করা সম্ভব। এ কারণে এলাকার মানুষ বিনা খরচে পানি পাচ্ছে। একই স্থানে এর আগে একটি পানি শোধনাগার নির্মাণ করা হয়েছিল। সেটি ব্যয়সাপেক্ষ হওয়ায় এলাকার মানুষকে পানি কিনতে হতো। ভূগর্ভস্থ পানি পরিশোধনের এই বিকল্প পদ্ধতি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মতিন ইউ আহমেদ বলেন, মাটির নিচে প্রাকৃতিক জলাধার তৈরি এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। বৃষ্টির পানি ও পুকুরের পানি চারটি পাইপের মাধ্যমে ভূগর্ভস্থ লবণপানির সঙ্গে মেশানো হচ্ছে। এর ফলে ভূগর্ভস্থ লবণপানি থেকে আস্তে আস্তে লবণ কমে যাচ্ছে। এরপর নলকূপের মাধ্যমে ওই পানি সংগ্রহ করা হচ্ছে। পরিশোধনের জন্য কয়েক স্তরে ফিল্টার রয়েছে।উদ্যোক্তারা জানান, ভূগর্ভস্থ এই পানিতে চার হাজার পিপিএম মাত্রার লবণাক্ততা ছিল। এই পদ্ধতির মাধ্যমে এই মাত্রা ৫০০ পিপিএমে নামিয়ে আসা সম্ভব হয়েছে। এখন শুকনো মৌসুমে পানি পাওয়া যাবে কি না, সে বিষয়টি নিয়ে ভাবছেন তাঁরা। পৃথিবীর বিভিন্ন দেশে এ প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণের পদ্ধতি চালু থাকলেও ইউনিসেফের সহায়তায় বাংলাদেশে প্রথমবারের মতো এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ ও নেদারল্যান্ডের একাচিয়া ওয়াটার নামের প্রতিষ্ঠান এতে কারিগরি সহায়তা দিচ্ছে। পরীক্ষামূলকভাবে সাতক্ষীরার শ্যামনগর, খুলনার পাইকগাছা ও বটিয়াঘাটায় আরও তিনটি পানি শোধনাগার চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার আশাশুনিতে এ পানি শোধনাগার পরিদর্শন করতে গিয়ে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি ক্যারেল ডি রয় বলেন, খুব সহজে পাম্প থেকে পুকুরের পানি নিয়ে ও বৃষ্টির পানি সংরক্ষণ করে ভূগর্ভস্থ পানির সঙ্গে মেশানো হচ্ছে। এখান থেকে বিশুদ্ধ পানি উঠছে। আইলা-দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাব মেটাতে এ প্রকল্প সহায়ক হবে। পরিদর্শক দলে ছিলেন ইউনিসেফের পানি ও পরিবেশ বিশেষজ্ঞ ইয়ান জেং, ইউনিসেফের পরামর্শক পিটার র্যাভেনসরস প্রমুখ।