ভূজপুর বাজারে ১০ দোকান পুড়ে ছাই
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর বাজারে আগুনে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতির পরিমাণ অন্তত ২০ লক্ষাধিক টাকা।
ভূজপুর ইউনিয়ন পরিষদের সচিব সুধীর পাল জানান, অগ্নিকাণ্ডে ভূজপুর বাজারের জাকির হোসেন, আবদুর রহমান, দিলীপ কুমার দে, মো. মানিক, মো. ইউসুফ, পুতুল দাশ, সাবুল দেব, কিরণ চন্দ্র দে, সুজিত দে এবং অনিল শীলের চা, মুদি, গ্রোসারি, সেলুন ও কসমেটিকসসহ মোট ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে উপজেলার দমকল বাহিনী এবং ভূজপুর থানার পুলিশ আসার আগেই এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফটিকছড়ি দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ খাঁন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে আমরা অন্তত ১০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করি। এর আগেই ১০ দোকানের কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। এদিকে খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে যান।
ব্যবসায়ী নিখোঁজ: ফটিকছড়ির এক ব্যবসায়ী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর নাম মো. জাকির হোসেন (৪০)। উপজেলার নানুপুর বাজারে স্বর্ণলতা ক্লথ স্টোর নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন তিনি। তাঁর চাচা জালাল উদ্দিন জানান, বৃহস্পতিবার ছেলেদের বিদ্যালয়ে ভর্তিসংক্রান্ত বিষয় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যান তিনি। দুপুরে তাঁর মাকে মুঠোফোনে বাড়িতে চলে আসার কথা জানান। এর পর থেকেই মুঠোফোনটি বন্ধ রয়েছে।