টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলাম ওরফে ফরিদ হত্যা মামলার দুই আসামি আদালতে জবানবন্দি দেওয়ার পর এলাকা ছেড়েছেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ তিন নেতা।
এ মামলায় গ্রেপ্তার শওকত হোসেন ওরফে সৈকত গত শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে জবানবন্দি দেন মাঈনুল হাসান ওরফে মাসুদ নামে অপর এক আসামি।
গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, উভয়ই জবানবন্দিতে রকিবুল হত্যার পরিকল্পনা এবং অর্থ উপজেলা আওয়ামী লীগের তিন নেতা দিয়েছেন বলে উল্লেখ করেছেন। মামলার বাদী ও নিহত রকিবুলের ভাই ফজলুল করিম বলেন, ওই তিন নেতা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গ্রেপ্তার এড়ানোর জন্যই তাঁরা গা ঢাকা দিয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর সকালে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলাকাটা লাশ তাঁর নিজ গ্রাম ভাড়ই মধ্যপাড়ার একটি নির্জন পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা, অপর যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবদুল হামিদ মিয়া ওরফে ভোলা, অলোয়া ইউপির চেয়ারম্যান নূরুল ইসলাম সরকারসহ সাতজনের নাম উল্লেখ করা হয়।
ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আবদুল হামিদ ওরফে ভোলা, তাহেরুল ইসলাম ওরফে তোতা ও নূরুল ইসলাম সরকারকে এলাকায় দেখা যাচ্ছে না।
গতকাল রোববার উপজেলা সদরে আবদুল হামিদের মালিকানাধীন মৌরিন সুপার মার্কেটে তাঁর অফিসে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাহেরুল ইসলাম তোতার ভূঞাপুর বাজারের বাসা এবং ফলদা গ্রামের বাড়িতে খোঁজ নিয়েও জানা গেছে তিনি নেই। অলোয়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম প্রায় ১০ দিন হয় ইউনিয়ন পরিষদে আসছেন না বলে জানিয়েছেন ইউপি সচিব অানিছুর রহমান। তাঁকে বাড়িতেও পাওয়া যায়নি।