ভূঞাপুরে আ. লীগ নেতা হত্যা: দুই নেতা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার হওয়া তাহেরুল ইসলাম (ডানে) এবং ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম (বামে)।  আজ তাঁদের আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। ছবি: প্রথম আলো
গ্রেপ্তার হওয়া তাহেরুল ইসলাম (ডানে) এবং ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম (বামে)। আজ তাঁদের আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা রকিবুল ইসলাম ফরিদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই নেতার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা ও অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সরকার। আজ বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা হাসনাত এ রিমান্ড আদেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা অশোক কুমার সিংহ বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার গুলশান এলাকা থেকে তাহেরুল ও নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে তাঁদের হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

এর আগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া উপজেলার ভারই মধ্যপাড়া গ্রামের মাঈনুল হাসান ওরফে মাসুদ, শওকত হোসেন ওরফে সৈকত, অলোয়া ইউপি সদস্য মকবুল হোসেন তরফদার ও নাসিরউদ্দিন রানা ফরিদ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে তাহেরুল ইসলাম তোতা ও নুরুল ইসলামসহ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম আসে।

গত ৬ ডিসেম্বর সকালে ভারই মধ্যপাড়ার একটি নির্জন পুকুরপাড় থেকে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। আগের দিন রাত সাড়ে ৯টার পর তিনি নিখোঁজ হয়েছিলেন। ওই দিন রকিবুলের ভাই ফজলুল করিম বাদী হয়ে ভূঞাপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে ফজলুল করিম বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে আরও একটি সম্পূরক মামলা দায়ের করেন। সে মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা, অপর যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আব্দুল হামিদ মিয়া ওরফে ভোলা, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম সরকারসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। আদালত থানায় ও আদালতে দায়ের করা মামলা দুটি একসঙ্গে তদন্তের আদেশ দেন।