ভূতত্ত্ব বিশেষজ্ঞদের ঘটনাস্থল পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপার সুতালরা, গোলাকান্দাইল, হাটাব ও কান্দাপাড়ার মাটিতে ফাটল দেখা দেওয়ায় একটি বিশেষজ্ঞ দল গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল দুপুরে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে চার সদস্যের বিশেষজ্ঞ দলটি সেখানে যায়। এ দলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজওয়াল উদ্দিন হক, মাহমুদ হাসান ও আহসান হাবিব। দলটি এ ব্যাপারে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। এ ছাড়া ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ঢাকা ও ডেমরার দুটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন মো. মোজাম্মেল হক ভূঁইয়া।জানা গেছে, বরপার সুতালরা এলাকার লম্বালম্বি প্রায় এক কিলোমিটার ও উপজেলার গোলাকান্দাইল ও হাটাবের প্রায় ৫০টি পয়েন্টে দু-তিন ফুট জুড়ে মাটিতে ফাটল দেখা দেয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ফাটল দেখতে শত শত মানুষ প্রতিদিন ভিড় করছে। গতকাল দুপুরে বরপা মসজিদ, মোল্লাবাড়ি জামে মসজিদসহ আশপাশের মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে ডেটা নিচ্ছি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে কী কারণে এমন ঘটনা ঘটছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূ-অভ্যন্তরের জীবাশ্ম বা পিটলেয়ার বর্ষার পানিতে ফুলে-ফেপে যায়, এ কারণেও এ ঘটনা ঘটতে পারে। এ ছাড়া মাটির নিচে চাপা পড়া পুরোনো গাছপালা পচে স্তরের সৃষ্টি হয়। এ কারণেও এটি ঘটতে পারে।’ রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা মল্লিক জানান, বিশেষজ্ঞ দল এ নিয়ে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।