ভূতের আতঙ্কে শিক্ষার্থীশূন্য বিদ্যালয় আতঙ্ক কাটাতে সভা
দিনাজপুরের বিরল উপজেলায় সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হওয়ায় ভূত–আতঙ্ক বিরাজ করছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে। এতে বিদ্যালয়টি শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে।
এদিকে ‘ভূত’ আতঙ্ক কাটাতে গতকাল শনিবার সকালে বিদ্যালয় মাঠে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান করেছে উপজেলা প্রশাসন।
ওই বিদ্যালয় ও কয়েকজন অভিভাবক সূত্রে জানা গেছে, গত ৬ থেকে ২৩ এপ্রিল বিদ্যালয়ে পাঠদান করার সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সোনিয়া, তমালিকা, দেবিকা, রেজওয়ানা পারভীন রানী, উর্মি খাতুন, দশম শ্রেণির সাথী রানী রায়, অষ্টম শ্রেণির মুনমুন আকতারসহ ১৪ জন শিক্ষার্থী শ্রেণিকক্ষেই অসুস্থ হয়ে পড়ে। পরপর কয়েক দিন এমন ঘটনায় সবার মুখে মুখে ভূত আছর করেছে বলে মন্তব্য শুরু হয়। ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গোটা এলাকায় ভূত–আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বিদ্যালয়টি আস্তে আস্তে শিক্ষার্থীশূন্য হয়ে পড়ে।
প্রধান শিক্ষক নীরেন্দ্র কুমার দাস বলেন, তাঁর বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৬৩৪ জন। শিক্ষার্থীরা বিদ্যালয়ে অসুস্থ হয়ে যাওয়ার সময় কুঁকড়ে আসছিল। এতে করেই সবার মধ্যে ভূত–আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ভূত বা অন্য কোনো কিছু নয়। এ ধরনের রোগকে গণমনস্তাত্ত্বিক (মানসিক) অসুস্থতা বলা হয়। মনোবল বৃদ্ধিসহ নিজেকে সচেতন করার মাধ্যমে এ থেকে পরিত্রাণ সম্ভব। ইউএনও আবদুল্লাহ আল খায়রুম বলেন, মূলত অভিভাবকদের মাধ্যমে কুসংস্কারের প্রবণতার কারণে ভূত–আতঙ্ক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত শ্রেণিকক্ষে ফ্যান না থাকায় প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। কাল সোমবার থেকে প্রতিটি শ্রেণিকক্ষে ফ্যান লাগানো হবে। সেই সঙ্গে ওই দিন থেকে মর্নিং শিফটে স্কুল চালু করার সিদ্ধান্ত হয়েছে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত, শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ্, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মির্জা মহিদুর আলম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে বিদ্যালয়ে এ ধরনের বালাই থেকে রক্ষা পেতে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক।