জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত বরেন্দ্র অঞ্চলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এ অঞ্চলের কৃষি রক্ষা করতে হলে পুকুর ও খাঁড়ি সংস্কার করে ভূপৃষ্ঠের পানির ব্যবহার নিশ্চিত করতে হবে। গতকাল বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে পানি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।বেসরকারি সংস্থা অক্সফাম, গ্রো ও সিএসআরএলের সহযোগিতায় বেসরকারি সংস্থা বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার বরেন্দ্র প্রচারণা দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ইতিমধ্যে বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। শুষ্ক মৌসুমে পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ার কারণে এ অঞ্চলের আদিবাসীদের খাওয়ার পানি সংগ্রহ করতেই অনেক কষ্ট করতে হয়। সেখানে ফসলের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার প্রায় অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়েছে। সভায় রাশেদ রিপন, রুহুল আমিন, হাসেম আলী, এনায়েত করিম, জনাব আলী প্রমুখ আলোচনা করেন।