ভূমধ্যসাগরের চেয়ে বঙ্গোপসাগরে মৃত্যু তিন গুণ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর অতিক্রম করতে গিয়ে শরণার্থী ও অভিবাসীরা যে হারে মারা যাচ্ছে, তা ভূমধ্যসাগরে গত বছর নৌকাডুবিতে শরণার্থীদের মৃত্যুহারের চেয়ে তিন গুণ বেশি। জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় আরও বেশি সহযোগিতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
‘মিক্সড মেরিটাইম মুভমেন্টস ইন সাউথ-ইস্ট এশিয়া’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, নৌযানে থাকাকালে মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অধিকাংশ শরণার্থী ও অভিবাসীর মৃত্যু ঘটছে। সাধারণত প্রায় একই পথে, একই ধরনের যানবাহনে করে এবং একই চক্রের মাধ্যমে শরণার্থী-অভিবাসীদের পাঠানো হয়ে থাকে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশের আনুমানিক ৩৩ হাজার ৬০০ শরণার্থী ও অভিবাসী সাগরপথে চোরাচালানিদের নৌকায় চড়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে। এর মধ্যে ৩২ হাজার ৬০০ জনই বঙ্গোপসাগর ও আন্দামান সাগরপথে রওনা হয়েছিল। এসব নৌযাত্রীর একটি বড় অংশ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান ও বাংলাদেশি নাগরিক।
সুইজারল্যান্ডের জেনেভায় ইউএনএইচসিআরের মুখপাত্র অ্যান্ড্রিয়াস নিডহ্যাম গত মঙ্গলবার ওই প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন। এতে বলা হয়, ২০১৫ সালের প্রথমার্ধে সবচেয়ে বেশি মানুষ (৩১ হাজার) ওই সাগরপথে দেশ ছাড়ে। আর দ্বিতীয়ার্ধে ওই সাগরপথে যাত্রা করেছিল ১ হাজার ৬০০ শরণার্থী ও অভিবাসী। এই হ্রাসের সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তে দুই হাজারের বেশি মানুষের দেহাবশেষসহ কয়েকটি গণকবরের সন্ধান, মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযান এবং ঘাটে ঘাটে তল্লাশি প্রভৃতি। তারপরও গত বছর ভূমধ্যসাগর এলাকার চেয়ে বঙ্গোপসাগর এলাকায় নৌযাত্রীদের মৃত্যুহার তিন গুণ বেশি ছিল। ওই যাত্রাপথের ভয়াবহ অভিজ্ঞতার কয়েকটি বিবরণ অনুযায়ী, অনেকে অনাহারে মারা যান, নৌকায় আরোহী বেশি হওয়ায় অনেককে সাগরে ছুড়ে ফেলে দেওয়া হয়, আর অনেকে রোগে ভুগে মারা যায়।
চলতি বছর এ পর্যন্ত বঙ্গোপসাগর ও আন্দামানে প্রায় ৩৭০ জন মারা গেছে বলে ধারণা করা হয়। সাগরে ডুবে নয়, নিপীড়ন ও রোগেই অধিকাংশের মৃত্যু হয়। খাবার ফুরিয়ে যাওয়ায় আরোহীদের মধ্যে লড়াইয়েও মারা যায় অনেকে। ইউএনএইচসিআর মনে করে, মানুষের দেশ ছাড়ার মূল কারণগুলো চিহ্নিত করে সমাধান না করলে লোকজন এভাবেই ঝুঁকি নিয়ে চোরাচালানিদের নৌকায় চড়ে অন্য কোথাও নিরাপত্তা ও স্থিতিশীল আশ্রয় খুঁজবে। নিজ দেশে কঠিন পরিস্থিতি থেকে রেহাই পেতে পালিয়ে যাওয়া মানুষদের জন্য নিরাপদ ও বৈধ উপায়ে চলাফেরা এবং শ্রমিক অভিবাসন ও পারিবারিক পুনর্মিলনের ব্যবস্থা করতে হবে। তাহলেই সাগরে মৃত্যুর সংখ্যা কমতে পারে।
নিডহ্যাম বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর চলাফেরা এবং কাজকর্মের স্বাধীনতার ওপর চলমান নিষেধাজ্ঞা তুলে নিলে হাজারো মানুষ স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবে এবং সাগরপথে বিপজ্জনক যাত্রা থেকেও বিরত হবে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে তালিকাবহির্ভূত হাজার হাজার রোহিঙ্গার তালিকা তৈরির ব্যাপারে দেশটির সরকার যে পরিকল্পনা করেছে, তা পর্যবেক্ষণ করছে ইউএনএইচসিআর। সংস্থাটি আশা করে, এ কাজ সম্পন্ন হলে সেখানকার রোহিঙ্গাদের অবস্থার উন্নতি হবে।