ভূমি অধিকার নিশ্চিত করতে ৭ দফা প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জাতীয় সম্মেলনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১-এর যুগোপযোগী সংশোধনীর জন্য সাত দফা অভিন্ন প্রস্তাব গৃহীত হয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সম্মেলনে এ প্রস্তাব উত্থাপন করা হয়। সম্মেলনে উপস্থিত সবাই প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানান। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম, সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত লিখিত ঘোষণাপত্রটি পৃথকভাবে উত্থাপন করেন। সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব বাস্তবায়নের দাবিতে আজ রোববার বিকেলে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়। ঘোষণাপত্রে উত্থাপিত সাত দফার মধ্যে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতকরণ ও অর্পিত সম্পত্তির সংজ্ঞা পুনর্নির্ধারণের দাবি জানানো হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়, ২৩ মার্চ ১৯৭৪ সালের জরিপ তালিকা অনুযায়ী অর্পিত সম্পত্তির তালিকা গেজেট আকারে প্রকাশ করতে হবে। পরে অবৈধভাবে ও ভুল করে আর এস রেকর্ডে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত সম্পত্তি অর্পিত হিসেবে গণ্য নয় বলে ঘোষণা করতে হবে।এ ছাড়া প্রস্তাবে জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন করে মামলা নিষ্পত্তির তারিখ সুনির্দিষ্ট করা এবং রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের বিধান রাখা, মূল আইনের ২৭ ধারায় ‘বিক্রয়’ শব্দের জায়গায় ‘প্রতীকী মূল্য’ শব্দটি প্রতিস্থাপনের দাবি করা হয়েছে।সম্মেলনের সভাপতি সি আর দত্তকে প্রস্তাবের সার্বিক বিষয় নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেওয়া হয়। এতে সমর্থন জানিয়ে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদের শরৎকালীন অধিবেশনেই আইনটি পাস করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সংবিধানের মূল ধারায় ফিরতে হলে অর্পিত সম্পত্তিসহ সব সাংঘর্ষিক আইন বাতিল হওয়া উচিত। সভাপতি সি আর দত্ত বলেন, যে অসাম্প্রদায়িক চেতনার চার মূলনীতির জন্য মুক্তিযুদ্ধ করা হয়েছে, সেই চার মূলনীতি সংবিধানে প্রতিস্থাপন করতে হবে।আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, এটি এমনই একটি কালো আইন, এই আইনের কবলে পড়ে প্রতিবছর ৫০০ সংখ্যালঘু পরিবার ভূমিহীন হয়ে দেশ ছেড়ে যায়। সম্মেলনে প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ বীরেন সিকদার, অধ্যাপক অজয় রায়, নির্মল রোজারিও, মুজাহিদুল ইসলাম সেলিম, এ এইচ এম রহমান, শিরিন আক্তার, মাওলানা জিয়াউল হাসান, এরোমা দত্ত, সঞ্জীব দ্রং প্রমুখ।