ভূমি অধিকার বঞ্চিত করে অস্তিত্ব রক্ষা কঠিন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের মূল্যবোধ নিয়ে চিন্তা করলে তাদের সমস্যা, সংকট ও কষ্টটা বোঝা যাবে। আদিবাসীরা যেখানে ভূমির অধিকার থেকে বঞ্চিত সেখানে তাদের কৃষ্টি-সংস্কৃতি ও অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে। গতকাল বৃহস্পতিবার আইপিডিএসের (ইনডিজেনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস) আয়োজনে কুলাউড়া উপজেলা সদরে আইপিডিএস মিলনায়তনে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় আদিবাসী নেতারা ওই সব কথা বলেন। কুলাউড়া উপজেলা সদর থেকে প্রকাশিত সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং আইপিডিএসের প্রকল্প সমন্বয়ক জয়ন্ত লরেন্স পাকসামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন আইপিডিএসের অরিজিৎ খংলা। ধারণাপত্র উপস্থাপন করেন কুলাউড়া আদিবাসী নারী উন্নয়ন ফেডারেশনের সভানেত্রী মনিকা খংলা। মনিকা খংলা বলেন, ‘আমি একজন নারী। আমার নামেও গাছ চুরির মামলা আছে।’ তিনি তাঁর ধারণাপত্রে বলেন, আদিবাসীদের কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা নেই। তাঁরা ভূমির অধিকারবঞ্চিত। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন হয়নি। স্বাস্থ্যসেবা নেই। পানপুঞ্জি এলাকার রাস্তা ও কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে না। সামাজিক বনায়নে আদিবাসীদের সম্পৃক্ত করা হচ্ছে না।কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য ও আদিবাসী নেতা সিলভাস্টার পাঠান বলেন, ‘খাসি ও গারোরা পান চাষ করে। পানগাছে উৎপাদন শুরু হতে তিন বছর লাগে। স্থানীয় প্রভাবশালীরা গৃহপালিত গরু-মহিষ ও পোষা হাতি পানজুমে ছেড়ে দেয়। এতে পানগাছ ধ্বংস হচ্ছে। ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই নষ্ট হওয়ার কষ্ট কেবল পানচাষিরাই বুঝতে পারে। চা-বাগান রাস্তা বন্ধ করে দেয়। আমরা রোগী নিয়েও বের হতে পারি না।’ আন্তপুঞ্জি উন্নয়ন সংস্থা কুবরাজের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং আদিবাসীদের সমস্যা ও সংকটের নানা দিক তুলে ধরে বলেন, ‘আদিবাসীরা পরিবেশবান্ধব। তাদের জীবন-জীবিকার বিষয়টি কাছ থেকে দেখলেই বোঝা যাবে তারা গাছকে কীভাবে রক্ষা করে।’ অন্যদের মধ্যে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমীন, কুবরাজের সহসভাপতি প্রত্যুষ আশাক্রা, আইপিডিএসের রিসি সুমেল প্রমুখ।