ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর থেকে নকলা উপজেলা পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দুই লেন সড়কের ভূমি অধিগ্রহণের কাজ এখনো শুরু হয়নি। দরপত্র সম্পন্ন হওয়ার পরও ভূমি অধিগ্রহণ ও বরাদ্দস্বল্পতার কারণে অনিশ্চয়তায় পড়েছে সাড়ে ২৯ কিলোমিটার সড়কের ১৭৬ কোটি টাকার নির্মাণকাজ।সওজ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর থেকে নকলা উপজেলা পর্যন্ত ২৯ দশমিক ৫ কিলোমিটার দুই লেন সড়ক নির্মাণে গত অর্থবছরে একনেকের বৈঠকে ১৭৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্প অনুযায়ী ৩৬ ফুট পাকা সড়ক ও দুই পাশে ছয় ফুট করে মাটির সোল্ডারসহ ৯০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করার কথা। জানা গেছে, এ কাজের জন্য এ পর্যন্ত দুই দফায় সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। চলতি অর্থবছরে (২০১১-১২) জাতীয় মহাসড়ক জিওবি ফান্ড থেকে বরাদ্দকৃত ৮০ কোটি টাকা খরচের নির্দেশনা রয়েছে। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পটির কাজ শেষ করার কথা। শেরপুর সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ওয়াহিদুজ্জামান সোহেল বলেন, ভূমি অধিগ্রহণে ইতিমধ্যে নতুন প্রস্তাবনা পাঠানো হয়েছে। খুব দ্রুত ভূমি অধিগ্রহণ ও অর্থ বরাদ্দ পাওয়া গেলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে। ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোরশেদ আলম বলেন, সওজ বিভাগকে নতুন করে প্রস্তাবনা পাঠানোর জন্য বলা হয়েছে। তাদের কাছ থেকে প্রস্তাবনা পেলেই ভূমি অধিগ্রহণের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।