ভূমি অধিগ্রহণ না করেই বীজ ভবন!
সিলেটে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নতুন বীজ ভবন তৈরি করা হয়েছে ভূমি অধিগ্রহণ না করেই। বীজ ভবন নির্মাণকাজ শেষে একাংশের জায়গার মালিকানা নিয়ে আপত্তি উঠলে জেলা প্রশাসনের ভূমিসংশ্লিষ্ট শাখা অনুসন্ধান করে ভূমি অধিগ্রহণ না করার সত্যতা পেয়েছে।সিলেটে বিএডিসির পরিচালকের দপ্তর সূত্র জানায়, সিলেটের কদমতলী এলাকায় ২ দশমিক ৮৭ একর জায়গাজুড়ে বিএডিসির বীজ ভবন। ১৯৮৪ সালে অধিগ্রহণ করা ওই ভূমিতে বিএডিসির বীজ বিপণন, সার ও বীজ উৎপাদন—এ তিন দপ্তর আলাদাভাবে পরিচালিত হয়ে আসছে। পুরোনো বীজ ভবনে বীজ সংরক্ষণে স্থান সংকুলান না হওয়ায় ২০০৬-০৭ অর্থবছরের বরাদ্দে এক হাজার ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতার আরেকটি বীজ সংরক্ষণাগার গড়ে তোলার প্রয়োজনীয়তায় নতুন বীজ ভবন নির্মাণ দ্রুত সম্পন্ন করা হয়।জানা গেছে, বর্তমান বীজ ভবনের দক্ষিণ-পূর্ব দিকের নিচু শ্রেণীর প্রায় ৩০ শতক ভূমি বিএডিসির নিজস্ব ভূমি হিসেবে দেখিয়ে নতুন বীজ ভবন নির্মাণের কাজ শুরু হয়। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে বীজ ভবন চলতি অর্থবছরে বীজ সংরক্ষণের উপযোগী করে তুলতে গত মার্চ মাসের শেষ দিকে নির্মাণকাজ শেষ হয়। এ সময় নতুন বীজ ভবনের সম্মুখভাগের নিচু ভূমি ভরাট করে সীমানাপ্রাচীর হিসেবে বাঁশের আড় দেওয়া শুরু করলে স্থানীয় লোকজনের মধ্য থেকে ভূমির মালিকানা নিয়ে আপত্তি ওঠে। আপত্তির পরিপ্রেক্ষিতে বিএডিসি কর্তৃপক্ষ এ ব্যাপারে জেলা প্রশাসনের ভূমি হুকুম দখল (এলএ) শাখাকে অবহিত করলে সরেজমিন তদন্তে বিষয়টি প্রকাশ পায়।সংশ্লিষ্ট শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, বীজ ভবনের কিছু অংশ এবং সম্মুখভাগের পুরোটাই ব্যক্তিমালিকানাধীন ভূমির মধ্যে পড়েছে বলে জরিপকারীরা অবহিত হয়েছেন। এ ব্যাপারে তাঁদের সরেজমিন তদন্তে দেখা গেছে, ১৯৮৪ সালে বিএডিসির অধিগ্রহণ করা ভূমির মধ্যে মালিকানাধীন ভূমি ঢুকে পড়েছে। বিষয়টি বিএডিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যোগাযোগ করলে ভূমি হুকুম দখল শাখার সার্ভেয়ার দেলোয়ার হোসেন ও জরিপকারী কমলকান্তি দে সত্যতা নিশ্চিত করেন। তবে বিষয়টি পর্যবেক্ষণের মধ্যে রয়েছে বলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে তাঁরা রাজি হননি।বিএডিসির একটি সূত্র জানায়, প্রায় ৩০ শতক ভূমির ওপর তৈরি নতুন বীজ ভবনে মাত্র ৪ থেকে ৭ শতক ভূমির ব্যক্তিমালিকানা নিয়ে অধিগ্রহণ ও অনধিগ্রহণের প্রশ্ন উঠেছে। বিষয়টি শুরুতেই নিষ্পত্তি করা যেত। কিন্তু অজ্ঞাত কারণে বিএডিসির উপপরিচালক শাহজাহান কবির বীজ ভবন নির্মাণ শেষে বিষয়টি মীমাংসা করার কৌশল নেওয়ায় বর্তমান অবস্থার সৃষ্টি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘নতুন বীজ ভবন তৈরির শুরুতে কোনো জটিলতা দেখা দিলে বরাদ্দ করা টাকা ফেরত যেতে পারে—এ আশঙ্কায় উপপরিচালক তড়িঘড়ি করে ভবন নির্মাণের কাজ সম্পন্ন করেছেন বলে সংশ্লিষ্টদের তখন জানিয়েছিলেন। মাস তিনেক পর এখন ভূমি বিরোধ বিষয়ে তিনি একধরনের উদাসীন ভূমিকা পালন করছেন।’নতুন করে ভূমি জরিপ না করেই বীজ ভবন নির্মাণকাজ সম্পন্নের পেছনে উপপরিচালকের কোনো স্বার্থ রয়েছে কি না, এ নিয়ে বিএডিসির অভ্যন্তরে নানা কথা প্রচলিত রয়েছে বলে ওই কর্মকর্তাসহ একাধিক কর্মচারীও এ প্রতিবেদককে জানান।এ ব্যাপারে বিএডিসির উপপরিচালক (বীজ উৎপাদন) শাহজাহান কবির স্বীকার করেন যে কিছুু ব্যক্তিমালিকানাধীন ভূমি নতুন বীজ ভবনের মধ্যে ঢুকে পড়েছে। তবে এগুলো চিহ্নিত করে রাখা বলে তিনি দাবি করেন। ভূমি অধিগ্রহণ না করেই বীজ ভবন নির্মাণ কেন হলো—এমন প্রশ্নে উপপরিচালক বলেন, ‘এখন অনেকেই অনেক কথা বলছে। আমি তো আর আমার বাড়ি করার জন্য করিনি। সরকারি একটি কাজ সম্পন্ন হয়েছে। তাতে যদি ব্যক্তিমালিকানাধীন কিছু ভূমি ঢুকেও পড়ে, তা মীমাংসা করার জন্য বিএডিসির নিজস্ব ভূমি জরিপ শাখাসহ জেলা প্রশাসনের ভূমি শাখাকে বলা হয়েছে। আজ হোক আর কাল হোক, বিষয়টি অবশ্যই মিটমাট হবে।’