কর্ণফুলী টানেল নির্মাণের জন্য সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণ নিয়ে গতকাল সোমবার দুপরে চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের কান্তিরহাট এলাকায় মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
কর্ণফুলী টানেলের সংযোগ সড়কের জন্য আনোয়ারা উপজেলার বিভিন্ন গ্রামে ভূমি জরিপ ও সমীক্ষার কাজ শুরু হলে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। তাঁরা ভূমি প্রতিমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে নিজেদের ক্ষোভের কথা জানান।
মতবিনিময় সভায় বক্তব্য দেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, স্থানীয় চেয়ারম্যান নোয়াব আলী, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী প্রমুখ।
ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, টানেলের জন্য ভূমি অধিগ্রহণ নিয়ে যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়, সেজন্য স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। মতবিরিময় সভায় যেসব দাবি তুলেছে এলাকাবাসী, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।