ভূমি অধিগ্রহণের অর্থের দাবিতে গণ-অনশন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি অধিগ্রহণের অর্থ পরিশোধের দাবিতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির প্রধান ফটকের সামনে গণ-অনশন কর্মসূচি চলছে।গতকাল মঙ্গলবার কর্মসূচির দ্বিতীয় দিনে অনশনরত অন্তত চারজন নারী অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন: জিগাগাড়ী গ্রামের ভূমিহীন আফরোজা বেগম, বাঁশপুকুর গ্রামের আম্বিয়া ও রোকেয়া এবং পাতিগ্রামের মনজিলা খাতুন।তিন দিনব্যাপী ওই গণ-অনশন গত সোমবার দুপুরে শুরু হয়। এতে খনি এলাকার ১০টি গ্রামের নারীসহ পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন। অনশনকারীদের অভিযোগ, গত ২২ নভেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ১৯০ কোটি পাওনা টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু ৭৫ কোটি টাকা দেওয়া হয়েছে।ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র আহ্বায়ক ইব্রাহীম খলিল গতকাল প্রথম আলোকে জানান, অর্থ পরিশোধে জেলা প্রশাসন গড়িমসি করছে। পুরো টাকা শোধ না করে গ্রামবাসীদের উচ্ছেদের উদ্দেশ্যে গ্রামে গ্রামে পুলিশ ও আনসার পাঠানো হচ্ছে। এর প্রতিবাদে লোকজন দুই দিন ধরে অনশন করছেন। কিন্তু এ সময়ের মধ্যে প্রশাসন অনশনকারীদের সঙ্গে কথা বলতে আসেনি।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন জানান, জমির কাগজপত্রে ত্রুটি থাকায় মালিক চিহ্নিত করতে কিছুটা দেরি হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে সব টাকা পরিশোধ করা হবে।