ভূমি অধিগ্রহণের অর্থের দাবিতে গণ-অনশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির প্রধান ফটকের সামনে গতকাল সোমবার থেকে তিন দিনব্যাপী গণ-অনশন শুরু হয়েছে।৬২৭ দশমিক ৭৩ একর ভূমি অধিগ্রহণের পুরো অর্থ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়ার দাবিতে ডাকা ওই কর্মসূচিতে উপজেলার ১০টি গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ যোগ দিয়েছেন।দুপুর ১২টায় কর্মসূচি শুরু হয়। এতে যোগ দেওয়া ক্ষতিগ্রস্ত লোকজন অভিযোগ করেন, বড়পুকুরিয়া খনি থেকে কয়লা তোলার কারণে উপজেলার ১০টি গ্রাম দেবে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভূমি অধিগ্রহণ করে গত ২২ নভেম্বরের মধ্যে পুরো টাকা তাঁদের দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল পর্যন্ত ক্ষতিপূরণের জন্য বরাদ্দ করা ১৯০ কোটি টাকার মধ্যে মাত্র ৭৫ কোটি টাকা দেওয়া হয়েছে।অনশন পালনকারীরা জানান, ক্ষতিগ্রস্ত একজনও ক্ষতিপূরণের পুরো টাকা পাননি। বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল বলেন, ক্ষতিগ্রস্ত ৩১৮ জনের মধ্যে মাত্র ১৫৭ জনকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। অবকাঠামো ও গাছপালার ক্ষতি বাবদ ৪১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে এখনো কোনো অর্থ দেওয়া হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুরো টাকা না দিয়েই পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এলাকায় গিয়ে গ্রামবাসীদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন বলেন, নভেম্বরের মধ্যে ক্ষতিপূরণের সব টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি ও সম্পদ জরিপে জেলা প্রশাসনের নিয়োগ করা জরিপকারীদের এলাকাবাসী মাঠে নামতে দেয়নি। এ কারণে দেরি হয়েছে। ক্ষতিপূরণের বাকি টাকা আগামী ছয় মাসের মধ্যে দেওয়া হবে।