ভূমি অধিগ্রহণের উদ্যোগের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবাসন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের উদ্যোগের প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। গত শুক্রবার বিকেলে বেয়ারা মৌজার জিন্দাপীর মাজার চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়নের বাগবাড়ী, বেয়ারা, বনগ্রাম, তেঘরিয়া, মজিদ বেয়ারা, আড়াকুল ও বাক্তা মৌজার কয়েক শ মানুষ যোগ দেন। এতে বক্তৃতা করেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জজ মিয়া, বেয়ারা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য শরীফ, স্থানীয় বাসিন্দা বুলু মিয়া, আবুল কালাম আজাদ, রইসউদ্দীন আহমেদ, জহিরুল ইসলাম, মোশারফ সওদাগর, সেলিম সওদাগর, ইব্রাহিম কার্দী প্রমুখ।
বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর কয়েক দফায় কেরানীগঞ্জ উপজেলার অধিকাংশ জমি সরকার অধিগ্রহণ করেছে। ১৯৮৫ সালের দিকে সেনাবাহিনীর জন্য বেয়ারা, ইকুরিয়া ও তেঘরিয়া মৌজার ১০০ একর, রাজউকের আবাসিক প্রকল্প ঝিলমিলের জন্য ৩৮১ একর, জেলখানার জন্য ১৯৪ দশমিক ৪১ একর, কনটেইনার বন্দরের জন্য ৮৮ দশমিক ৪৮ একর, ভিটি স্টেডিয়ামের জন্য আট একর এবং হাসনাবাদ পাওয়ার হাউসের জন্য ২০ একর জমি সরকার অধিগ্রহণ করেছে। অবশিষ্ট যেটুকু জমি আছে তাতে বসতভিটা ও কৃষিজমি রয়েছে। এ রকম পরিস্থিতিতে বেয়ারা, তেঘরিয়া, মজিদ বেয়ারা, আড়াকুল মৌজার প্রায় ৩৫৩ একর জমি অধিগ্রহণ করে সেনাবাহিনীর আবাসন প্রকল্প করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা প্রধানমন্ত্রী, ভূমিমন্ত্রী ও সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় জমি অধিগ্রহণের চেষ্টা করা হয়েছিল, কিন্তু এলাকাবাসীর তীব্র আন্দোলনের মুখে তা বাতিল হয়ে যায়। ভূমি অধিগ্রহণ ঠেকাতে তাঁরা আবার মানববন্ধন ও সঞ্চারকলিপি পেশসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, ‘আমার জানামতে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবাসনের জন্য জমি চেয়ে ঢাকা জেলা ভূমি অধিগ্রহণ শাখায় আবেদন করা হয়েছে। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় ও সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।’