ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জায়গা অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ প্রায় ৭৫ কোটি টাকা বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল রোববার রাজধানীর ফার্মগেট পার্কে অস্থায়ী ক্যাম্প তৈরি করে এ টাকা বিতরণ করেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন৷
মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কয়েক ধাপে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা বিতরণ করা হবে। জায়গার ক্ষতিপূরণ সেবার টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে সহজে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ এতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দালালদের হয়রানির সম্মুখীন হবে না৷
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মির্জা মুরাদ হাসান বেগ বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী অধিগ্রহণের জন্য আগে মাসের পর মাস সময় লাগত। অনেকে হয়রানির শিকার হতেন। কিন্তু বর্তমান সর্বোচ্চ দুই সপ্তাহ সময়ের মধ্যে অধিগ্রহণ করা এলাকায় জনসমক্ষে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হয়। কারও কোনো আইনি সমস্যা তৈরি হলে সবার সামনে সঙ্গে সঙ্গে তা সমাধান করা হয়৷