ভূমি অধিগ্রহণের চেক বিতরণ শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করা শুরু হবে।কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ভূমি অধিগ্রহণের চেক বিতরণী অনুষ্ঠানে প্রায় ২২ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত থাকবে। দলের সদস্যদের মধ্যে আছেন স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, চিফ হুইপ আব্দুস শহীদ, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, বিদ্যুৎ ও জ্বালানিসচিব মেজবাহ উদ্দিন প্রমুখ। তিনি বলেন, চেক বিতরণের জন্য কয়লাখনির প্রশাসনিক ফটকের সামনের সড়কে মঞ্চ তৈরির কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়লাখনির ক্ষতিগ্রস্ত এলাকার ৬২৭ দশমিক ৭৩ একর ভূমি অধিগ্রহণ করা হবে। সরকার ঘোষিত প্যাকেজ অনুযায়ী, বসতভিটা একরপ্রতি ২৫ লাখ, আবাদি জমি একরপ্রতি ২০ লাখ, ভূমিহীন পরিবার দুই লাখ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ৫০ হাজার টাকা করে পাবেন। এ ছাড়া শস্য, অবকাঠামোসহ অন্য বিষয়গুলোর ক্ষতিপূরণও দেওয়া হবে।