দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ভূমি অধিগ্রহণের পাওনা টাকার দাবিতে গতকাল বুধবার বড়পুকুরিয়া-ফুলবাড়ী সড়কে মানববন্ধন করেছেন। টাকা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।এক মাসের মধ্যে টাকা পরিশোধ করা না হলে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা আগামী ২৫ মে বিক্ষোভ ও কয়লাখনি ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা গতকাল সকাল ১০টা থেকে এক ঘণ্টার মানববন্ধন করেন। ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র ব্যানারে এই মানববন্ধনের পর রংপুর বিভাগীয় কমিশনারের দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, তাঁরা ন্যায্য পাওনা পাচ্ছেন না। তালিকা অনুয়ায়ী ৩১৮ জন ভূমিহীন পরিবারের মধ্যে কর্তৃপক্ষ মাত্র ১৫৭ জনকে ক্ষতিপূরণ দিয়েছে। অবকাঠামো ও গাছপালার ক্ষতিপূরণের টাকা এখনো দেওয়া হয়নি। এ ব্যাপারে দিনাজপুর জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন, ‘অধিগ্রহণ করা কিছু জমি নিয়ে দেওয়ানি আদালতে মামলা আছে। মামলা নিষ্পত্তি হলেই ওই জমির মালিকেরা টাকা পাবেন। আর অবকাঠামো বাবদ ১৮ কোটি টাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা আছে।’ জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল অভিযোগ করেন, অধিকাংশ ভূমিহীন ক্ষতিপূরণ পাননি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ ১৯০ কোটি টাকার মধ্যে মাত্র ১১২ কোটি টাকা দেওয়া হয়েছে।