দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বসতভিটা ও আবাদি জমির ক্ষতিপূরণ ও ভূমি অধিগ্রহণের তালিকা গত বৃহস্পতিবার রাতে চূড়ান্ত করা হয়েছে। তাঁদের ২২ সেপ্টেম্বর থেকে চেক দেওয়া হবে।এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিব-উল ফেরদৌস মুঠোফোনে বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, যাচাই-বাছাই শেষে ৮৩৭টি হোল্ডিং চূড়ান্ত করা হয়েছে। বৈধ জমির মালিকদের শিগগির ৭ ধারায় নোটিশ দেওয়া হবে। ওই নোটিশে তাঁদের ক্ষতিপূরণের অর্থের পরিমাণ উল্লেখ থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূগর্ভস্থ খনন পদ্ধতিতে কয়লা তোলার কারণে খনির পার্শ্ববর্তী জিগাগাড়ী, বলরামপুর, মৌপুকুর, বাঁশপুকুরসহ ১০ গ্রামের আবাদি জমি ও বাড়িঘর দেবে গেছে। ক্ষতিগ্রস্ত এই এলাকার ৬২৭ দশমিক ৭৩ একর ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। সেখানে মোট এক হাজার ৩৯১টি হোল্ডিং রয়েছে। তবে জমির বৈধ কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় চূড়ান্ত তালিকায় ৫৫৪টি হোল্ডিং বাদ পড়ে। বাদ পড়া জমির মালিকদের ২৫-২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র আহ্বায়ক ইব্রাহীম খলিল বলেন, যাচাই-বাছাইয়ে যে সমস্ত কাগজপত্র চাওয়া হয়েছে, সেগুলো সবার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। মানবিক দিক বিবেচনা করে প্রত্যেককে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারা জমির মালিকদের উদ্দেশে বলেন, তাঁদের জমির কাগজপত্র বড়পুকুরিয়া কয়লাখনিতে যাচাই-বাছাই করা হবে। গত সোমবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেনের নেতৃত্বে বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজে নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনারসহ (ভূমি) ৮০ সদস্যের একটি দল জমির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে ওই তালিকা চূড়ান্ত করে।