রাঙামাটি মেডিকেল কলেজের জন্য শহরের হ্যাচারি এলাকায় সরকার ভূমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে তারা মানববন্ধন ও সমাবেশ করেন। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হ্যাচারি এলাকার ভূমি রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ভূমি অধিগ্রহণের কারণে হ্যাচারি এলাকার ২৭টি পাহাড়ি পরিবার উচ্ছেদ হবে বলে সমাবেশে জানানো হয়।
গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে হ্যাচারি এলাকার ২৭টি পাহাড়ি পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশ নেন।
পরে সমাবেশে সভাপতিত্ব করেন হ্যাচারি ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক ভূবনেশ্বর চাকমা। বক্তব্য দেন এম এন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর রবি মোহন চাকমা, হ্যাচারি এলাকা ভূমি রক্ষা কমিটির সদস্যসচিব বিমল কান্তি চাকমা, হ্যাচারি এলাকার বাসিন্দা মিঠু চাকমা, দেব মোহন চাকমা প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কখনো উন্নয়নের নামে, কখনো মেডিকেল কলেজ, কখনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে পাহাড়িদের উচ্ছেদ করা হচ্ছে। রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য হ্যাচারি এলাকায় জায়গা পরিমাপ করা হচ্ছে। এতে ২৭টি পরিবার উচ্ছেদ আতঙ্কে রয়েছে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের মানববন্ধন
এদিকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা অনুসারে ভর্তি, চাকরির ক্ষেত্রে বাঙালি কোটা চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সমাবেশে করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। গতকাল দুপুরের দিকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্যে দেন পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি মো. আলকাছ আল মামুন ভূঁইয়া, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সভাপতি মো. ইব্রাহিম প্রমুখ।
দাবি আদায়ে আগামী ২৩ ফেব্রুয়ারি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয় ঘেরাও, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে সংশোধিত পার্বত্য ভূমি কমিশন আইন বাতিল করাসহ বিভিন্ন দাবিতে আগামী ৬ ও ৭ মার্চ তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।