পরিকল্পনা মন্ত্রণালয় ভূমি অধিগ্রহণের অর্থ ছাড় দিতে দেরি করায় চট্টগ্রাম আউটার রিং রোড প্রকল্প বাস্তবায়ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) জানিয়েছে, চলতি অর্থবছরের মধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শুরু করতে না পারলে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) প্রকল্প থেকে অর্থ প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছে।
চউক এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সহযোগিতা কামনা করেছে। এটি চউকের ইতিহাসে সর্বোচ্চ ব্যয়ের প্রকল্প।
চউক সূত্র জানায়, গত বছরের ১৩ আগস্ট জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশোধিত এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের জন্য মোট ৯০ দশমিক ৩৬১ একর ভূমি অধিগ্রহণের বিপরীতে বরাদ্দ রাখা হয়েছে ৪৯৩ কোটি ১২ লাখ ৫৮ হাজার টাকা। প্রকল্পের শর্ত অনুযায়ী, সরকারকে এই অর্থ দিতে হবে। একনেক কমিটির ওই সভায় এ খাতে ৪০০ কোটি টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ২৫০ কোটি টাকা থোক বরাদ্দ এবং ১৫০ কোটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রাখা হয়। এই অর্থ ছাড় নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় দীর্ঘসূত্রতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন চউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসন পুরোপুরি প্রস্তুত কি না—তা জানতে চেয়েছে। এটা জানার পর তারা অর্থ ছাড় করবে। কিন্তু জেলা প্রশাসন এ ব্যাপারে প্রস্তুত।
আবদুচ ছালাম আরও বলেন, ‘ভূমি অধিগ্রহণের টাকা আমাদের এই মুহূর্তে খুবই দরকার। এ জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র আমরা পরিকল্পনা মন্ত্রণালয়কে জমা দিয়েছি। যদি অর্থ ছাড় না হয়, তাহলে মহাবিপত্তি সৃষ্টি হবে। জাইকা তখন প্রকল্পের পুরো অর্থ ফেরত নেবে বলে জানিয়েছে।’ ভূমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড়ে দেরি হওয়ায় জাইকা এই প্রকল্প নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বলে চউক সূত্রে জানা গেছে। প্রকল্পের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। ভূমি অধিগ্রহণের ৬০ দিনের মধ্যে ভূমির মালিকদের অর্থ পরিশোধ করতে হবে। ব্যর্থ হলে নতুন করে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করতে হবে। তখন জমির দাম বেড়ে যাবে।
গত বৃহস্পতিবার চউক মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে প্রকল্প নিয়ে এই জটিলতার বিষয়টি তুলে ধরেন আবদুচ ছালাম। মন্ত্রী তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুষ্ঠানে উপস্থিত গণপূর্ত সচিবকে নির্দেশ দেন।
চউক সূত্রে জানা গেছে, এই প্রকল্পের সংশোধিত ব্যয় এক হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ ৭১ হাজার টাকা। এর মধ্যে জাইকা দিচ্ছে ৭১৫ কোটি ৫৮ লাখ ২৩ হাজার টাকা। এ ছাড়া সরকার ৬৯৮ কোটি ২৮ লাখ ৮৭ হাজার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৮২ কোটি ৪৮ লাখ ৬১ হাজার টাকা দেবে।