ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগের মাধ্যমে মূল্যবান দলিল-রেকর্ড ধ্বংসের তৎপরতা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল।
গতকাল সোমবার গণমাধ্যমে সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন সমন্বয় সেলের অধীনে থাকা নয়টি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারবিরোধী রাজনৈতিক জোটের টানা অবরোধ ও হরতালের নামে দেশে যে সহিংসতাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তাকে কাজে লাগিয়ে একটি স্বার্থন্বেষী গোষ্ঠী বিভিন্ন জেলা ও উপজেলা ভূমি অফিসে রাতের অন্ধকারে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছে। এতে জমির মূল্যবান কাগজপত্র ও রেকর্ড নষ্ট হচ্ছে। এর পেছনে নামে-বেনামে নকল দলিলপত্র তৈরি করে বৈধ মালিকদের উচ্ছেদ করে অবৈধভাবে জমি দখল করার দুরভিসন্ধি সক্রিয়। এর সঙ্গে সরকারি খাসজমি, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, অর্পিত সম্পত্তি ও আদিবাসীদের জমি, ঘর-বাড়ি দখল করতে কতিপয় ব্যক্তি এ ধরনের নাশকতার সঙ্গে যুক্ত থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমি অফিস নিয়ে এই ষড়যন্ত্রের পেছনে স্থানীয় জেলা-উপজেলার রাজনৈতিক সন্ত্রাসীরা তো বটেই, কোনো কোনো জায়গায় স্থানীয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর ইন্ধনও আছে কি না, তা কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে হবে।
বিজ্ঞপ্তিতে সই করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত, এইচডিআরসির উপদেষ্টা আবুল বারকাত, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের সহসভাপতি তবারক হোসেইন, ব্লাস্টের অনারারি পরিচালক সারা হোসেন এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ। বিজ্ঞপ্তি।