ভূমি অফিসে আগুন দেওয়ার শাস্তি জমি বাজেয়াপ্ত: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি অফিসগুলোতে আগুন দিয়ে দলিলপত্র ধ্বংসে জড়িত ব্যক্তিদের জমি ও সম্পদ বাজেয়াপ্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এ নির্দেশ দেন তিনি। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাগুলোকে ভূমি অফিসগুলোতে অগ্নিসংযোগকারী অপরাধীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছি। আমি এখন ওই সব অপরাধীর জমি ও সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিচ্ছি।’ তিনি বলেন, ভূমি অফিস পুড়িয়ে দলিলপত্র ধ্বংসকারীদের জমি ও সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
শেখ হাসিনা বলেন, ‘ওই সব অপরাধী তাদের বাপ-দাদার সম্পত্তিতেও কোনো অধিকার থাকবে না। তারা তাদের নিজ এলাকায়ও থাকতে পারবে না। আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেব।’
বিএনপি-জামায়াতের চলমান হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে ভূমি অফিস পুড়িয়ে দেওয়ার প্রেক্ষাপটে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা প্রশ্ন করেন, ‘অফিসগুলো পুড়িয়ে ফেলার রহস্য কী এবং দলিলপত্র ধ্বংসের পেছনে কী রহস্য রয়েছে?’ তিনি বলেন, ‘জনগণের ক্ষতি করার লক্ষ্যে কোনো মানুষ এমন বর্বর কাজ করতে পারে—এটা অবিশ্বাস্য। কিন্তু তারা এমন কাজই করছে।’
প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্নকারী অপশক্তি প্রতিরোধে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম এবং এতে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও নাশকতাবাদী কর্মকাণ্ডের কোনো স্থান নেই। এ জন্য আমি ইসলাম অবমাননাকারী অপশক্তি প্রতিরোধে সম্মানিত আলেম-ওলামা এবং সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানাই।’
ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন।
প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পক্ষে বক্তৃতা করেন মাওলানা আবুল কালাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ ইমাম ও শিশু-কিশোর সংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতীয় প্যারেড স্কয়ারে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী।
প্রধানমন্ত্রী প্রদর্শনীতে বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়ন পরিদর্শন করে ভারী ও হালকা অস্ত্রগুলো দেখেন।