ভূমি অফিসে কর আদায়ের রসিদ বই নেই
প্রায় পাঁচ মাস ধরে বগুড়ার আদমদীঘি উপজেলার ভূমি অফিসগুলোয় কর আদায়ের দাখিলা (রসিদ) বই না থাকায় ভূমি উন্নয়ন কর আদায় ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, আদমদীঘি উপজেলার একটি পৌরসভা এবং ছয়টি ইউনিয়ন ভূমি অফিসে গত জুন মাস থেকে ভূমি উন্নয়ন কর আদায়ের দাখিলা বই নেই। এর ফলে জমির মালিকেরা ভূমি অফিসে গিয়েও তাঁদের কর দিতে পারছে না। উপজেলার ছাতিয়ান গ্রামের লুৎফর রহমান, আদমদীঘির তেঁতুলিয়া গ্রামের জিল্লুর রহমান ও সান্তাহারের কায়েতপাড়া গ্রামের শফির উদ্দীন জানান, জনগণ স্বেচ্ছায় খাজনা দিতে গিয়ে ভূমি অফিসে দৌড়াদৌড়ি করছে। অথচ শুধু দাখিলা বই-সংকটের ফলে তারা খাজনা দিতে পারছে না।ছাতিয়ান গ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘বই না থাকায় আমার অফিসে কর আদায় বন্ধ রয়েছে। জনগণের হয়রানি বন্ধে এবং সরকারের রাজস্ব আদায়ের জন্য দ্রুত বই সরবরাহ করা প্রয়োজন।’আদমদীঘি উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোল্লা মিজানুর রহমান বলেন, ‘অনেক চেষ্টা করে মাত্র ১০টি বই সরবরাহ করতে পেরেছি, যা চাহিদার তুলনায় অপ্রতুল। আশা করছি, অচিরেই এ সমস্যা কেটে যাবে এবং জনগণের দুর্ভোগ দূর হবে।’