ভূমি অফিসে কাজ করছেন বরখাস্ত হওয়া কর্মচারী
দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন আগে সাময়িক বরখাস্ত হওয়া এক কর্মচারীকে দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিরীক্ষার কাজ করানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার দলিল লেখকেরা (মোহরার) অভিযোগ করেন, সাময়িক বরখাস্ত হওয়া ওই কর্মচারী বখরা আদায়ে পারদর্শী হওয়ায় সাব-রেজিস্ট্রার ব্যক্তিস্বার্থে তাঁকে দিয়ে দলিল নিরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন। সাব-রেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে ৫৫ হাজার টাকা উৎকোচের বিনিময়ে এক প্রতিবন্ধীর জমি অন্যের নামে নিবন্ধন করার অভিযোগে তৎকালীন সাব-রেজিস্ট্রার শুম্ভনাথ ও টিডি ক্লার্ক নারায়ণ চন্দ্র র্যাবের হাতে গ্রেপ্তার হন। নারায়ণ চন্দ্র জানান, ‘সাব-রেজিস্ট্রার নজরুল ইসলাম অলিখিতভাবে আমাকে দলিল নিরীক্ষার দায়িত্ব দিয়েছেন। আমি আমার স্বাক্ষর ছাড়াই দলিল নিরীক্ষার কাজ করি।’নজরুল ইসলাম জানান, নারায়ণ চন্দ্র অর্ধেক বেতন পান। তিনি এ কাজে দক্ষ হওয়ায় তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বরখাস্ত করা কোনো কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা থাকা অবস্থায় তাঁকে দিয়ে কাজ করানোর বৈধতা আছে কি না, এ সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।