ভূমি অফিসের অসহযোগিতা দাবিদারেরা ভোগান্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে ট্রাইব্যুনালে আবেদন করার বিষয়ে স্বচ্ছ কোনো ধারণা না থাকায় বরগুনার আমতলীতে সম্পত্তি ফিরে পেতে দাবিদারেরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। উপজেলা ভূমি অফিস এ বিষয়ে সাধারণ মানুষকে কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ রয়েছে। এ সুযোগে ট্রাইব্যুনালে আবেদন জমা দেওয়ার কাজে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে দেওয়ার নাম করে একশ্রেণীর দালাল উঠেপড়ে লেগেছে। ভুক্তভোগীদের অভিযোগ, দালালদের সুযোগ করে দিতে ভূমি দপ্তরের একশ্রেণীর অসাধু কর্মচারী পরিকল্পিতভাবে অসহযোগিতা করছে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিষয়ে সরকারি প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক আমতলী উপজেলা ও তালতলী থানার ১৪টি ইউনিয়নের বিভিন্ন মৌজায় ক ও খ তফসিলভুক্ত ৩০৫টি মামলায় মোট ৯৭৫ একর সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে চিহ্নিত ও তালিকাভুক্ত করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ৯ মে ২০১২ তারিখে তালিকাভুক্ত অর্পিত সম্পত্তির প্রকৃত দাবিদার তাঁদের দাবির পক্ষে প্রয়োজনীয় তথ্যাদিসহ দাবি নিষ্পত্তি করার জন্য ১২০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল কিংবা গঠিত উপদেষ্টা কমিটির কাছে আবেদন করতে পারবেন। অর্পিত সম্পত্তি নিয়ে সাধারণ মানুষের স্বচ্ছ ধারণা না থাকায় বেশির ভাগ দাবিদার উপজেলা ভূমি অফিসে ভিড় করছেন। সেখানে তাঁরা কোনো পরামর্শ বা সহায়তা না পেয়ে দালালের খপ্পরে পড়ছেন। টাকার বিনিময়ে কাগজপত্র সংগ্রহের ভার দালালদের ওপর ছেড়ে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুরের বন্দরের এক দাবিদার জানান, আবেদনের জন্য প্রয়োজনীয় জমির ‘দাখিলা’র জন্য তিনি ইতিমধ্যে ৫০০ টাকা খরচ করেছেন। কিন্তু তা পেতে আরও ৫০০ টাকা খরচ করতে হবে। আমতলী পৌরশহরের আরেক দাবিদার বলেন, মামলার নথির ‘সইমোহর’ পেতে ৩১ জুলাই তিনি ভূমি অফিসে দরখাস্ত করেছেন। ২ আগস্ট পর্যন্ত তিন দিনেও সেই দরখাস্ত অফিসের ডাক ফাইলেই অন্তর্ভুক্ত হয়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমতলী উপজেলা ভূমি অফিসে গিয়ে ওই দপ্তরের প্রধান করণিক কলি রানীর কাছে উপজেলায় অর্পিত সম্পত্তির মোট পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, ‘জানি না।’ এ সময়ে তাঁর টেবিলে হাতের কাছেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ-বিষয়ক প্রজ্ঞাপন ও তালিকাটি পড়ে ছিল। আমতলীর সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আবদুল্লাহ বলেন, ভূমি অফিসের কোনো কর্মচারীর অসহযোগিতার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।