ভূমি অফিসের কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাস জায়গার গাছ ব্যক্তিমালিকানায় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ভূমি অফিসের সার্ভেয়ার ও কানুনগো পদমর্যাদার কর্মকর্তাসহ আটজনের মামলার কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন আপিল বিভাগ। পাশাপাশি তাঁরা চাইলে জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে পারেন বলে মত দিয়েছেন সর্বোচ্চ আদালত।

আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর ফলে ওই আটজনের বিরুদ্ধে মামলা চলতে আইনগত বাধা নেই বলে আইনজীবী জানিয়েছেন।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আটজনের বিরুদ্ধে মামলাটি করেছিল। ওই মামলায় হাইকোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সার্ভেয়ার আবু তাহেরসহ (বর্তমানে কানুনগো শেরপুর সদর ভূমি অফিস) আটজনকে হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করে। আদালত শুনানি নিয়ে আজ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অন্যদিকে ছিলেন আইনজীবী মইনুল হোসেন।

পরে খুরশীদ আলম খান বলেন, মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের পর তদন্ত চলতে আইনগত বাধা নেই। আদালত হাইকোর্টের দেওয়া রুল খরিজ করে এ আদেশ দেন।

মামলার নথিতে দেখা যায়, চলতি বছরের ২৯ আগস্ট মোট ১২ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলাটি করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশে অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য একে অপরের সহযোগিতায় রাজউকের পূর্বাচল প্রকল্পের কামতা মৌজায় বাস্তবের বেশি গাছ দেখিয়ে এবং খাস জায়গার গাছ ব্যক্তিমালিকানায় দেখিয়ে ৩ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৮৯৭ টাকা আত্মসাৎ করেন। ১২ জনের মধ্যে আট আসামির করা আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২১ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ ওই আদেশ দেন।