দেশের ভূমি-সংক্রান্ত বিদ্যমান সব আইন ও বিধিমালায় সমস্যা রয়েছে বলে এক গবেষণায় উল্লেখ করা হয়েছে। তাই এসব আইন ও বিধির সংস্কার এবং প্রয়োজনীয় সংশোধনীর সুপারিশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার ভবনের সেমিনার হলে ‘বাংলাদেশের ভূমি আইন: একটি অধিকারভিত্তিক বিশ্লেষণ ও প্রস্তাবিত পরিবর্তন’ শিরোনামে জাতীয় সেমিনারে গবেষণাটি উপস্থাপন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাতের নেতৃত্বে একদল গবেষক ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশের ভূমি-সংক্রান্ত ১৪৬টি আইন বিশ্লেষণ করেন। সেমিনারে আবুল বারাকাত গবেষণার সার-সংক্ষেপ উপস্থাপন করেন। মানুষের জন্য ফাউন্ডেশনসহ ১১টি বেসরকারি সংস্থার উদ্যোগে এই গবেষণা পরিচালিত হয়।
গবেষণায় ভূমি আইন সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয়, ভূমি বিষয়ে সব আইনকে অধিকারভিত্তিক একক একটি কাঠামোর মধ্যে এনে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত না করতে পারলে দরিদ্র, প্রান্তীয় ও নারীর ভূমি অধিকার নিশ্চিত করা কখনোই সম্ভব নয়। শেষ হবে না ভূমি নিয়ে জনগণের অসীম ভোগান্তি-দুর্ভোগ-ক্ষতি।
গবেষণার সার-সংক্ষেপ তুলে ধরে আবুল বারাকাত বলেন, ৩০ জন গবেষক চার বছরের বেশি সময় ধরে এ গবেষণা করেছেন। ইংরেজিতে ২২ ভলিউম এই গবেষণার পৃষ্ঠাসংখ্যা চার হাজার। বাংলায় ২০ ভলিউমের এই গবেষণা সাড়ে তিন হাজার পৃষ্ঠার। তিনি বলেন, দেশে ৩০ লাখ মামলার ৮০ শতাংশ জমি-জমা নিয়ে। ১৬ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষ এসব মামলায় জড়িত। জমি নিয়ে মামলা নিষ্পত্তি হতে তিন বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর লাগে, গড়ে সাড়ে নয় বছর। দেশে যে মামলা আছে, কাল থেকে নতুন কোনো মামলা না হলেও তা নিষ্পত্তি হতে আড়াই কোটি বছর লাগবে।
গবেষণায় সব ভূমি আইনকে ২০টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো: চরের জমি, জলমহাল, চিংড়িমহাল, পাথরমহাল, বালুমহাল, চা-বাগানের ভূমি, কৃষি খাসজমি, অকৃষি খাসজমি, অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ভূমি অধিগ্রহণ, ভূমি প্রশাসন, ভূমি সংস্কার, ভূমি ব্যবহার, ওয়াক্ফ, ট্রাস্ট, দেবোত্তর সম্পত্তি, ভূমি জরিপ, ভূমি রেজিস্ট্রেশন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি আইন।
গবেষণায় প্রতিটি ভূমি আইনের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ আছে। আইনগুলোর যেসব সংস্কার, পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের সুপারিশ করা হয়েছে, বিচার-বিশ্লেষণ করে তা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ভূমি আইনের সংস্কার ধীরে ধীরে সম্পন্ন করা হবে। তিনি বলেন, পাকিস্তানিরা এ দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে গেছে। মোশতাক, জিয়া, এরশাদ ছিলেন তাদেরই দোসর। তাঁরা এসব আরও এগিয়ে নিয়ে গেছেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার জন্য ভূমি একটি বড় কারণ। গবেষণার সংস্কারগুলো ভালোভাবে পড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের সাংসদ সাগুফতা ইয়াসমিন বলেন, গবেষণাটি ভালো। আইনের সংস্কারগুলো সংসদে উত্থাপন করা উচিত। তবে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন না হলে আইন করে কোনো লাভ হবে না।
ড. খুরশীদ আলম এ গবেষণার সমালোচনা করে বলেন, অত্যন্ত সাদামাটা গবেষণা। এ ধরনের সুপারিশ বাস্তবায়ন করা কঠিন। সুপারিশ সুনির্দিষ্ট হওয়া দরকার।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘গবেষণাটি একটি মাইলফলক কাজ হয়ে থাকবে। আমরা চাই, সরকার এটা গ্রহণ করে সংসদে আইন আকারে তা পাস করুক।’