ভূমি আপিল বোর্ডের মামলার ভার্চ্যুয়াল শুনানির নির্দেশ মন্ত্রীর

ভূমি আপিল বোর্ডের মামলা ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি করার সক্ষমতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ এক অনুষ্ঠানে সরকারের কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ভূমি মন্ত্রণালয় সঙ্গে এর আওতাধীন দপ্তর এবং সংস্থার ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর হয়। এটি অনুষ্ঠিত হয় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে। সেখানেই এই নির্দেশ দেন ভূমিমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে ভূমি সেবা দেওয়ার জন্য ও ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির জন্য ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানকে এ নির্দেশনা দেন ভূমিমন্ত্রী।
ভূমিমন্ত্রী এসময় আরও বলেন, ‘“ভূমি মন্ত্রণালয়ের 'ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০” অর্জনের জন্য জাতীয় সংসদে জাতির সামনে ভূমি মন্ত্রণালয়ের উদ্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা আমাদের জন্য এক বড় পাওয়া। আমাদের কাছে জাতির এখন অনেক আশা। আমরা যেন স্বচ্ছতা ও দক্ষতার সাথে আরও ভালোভাবে কাজ করে আমাদের এ অর্জন ধরে রাখতে পারি, সে জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে।’
ভূমিমন্ত্রী বলেন, ‘এ বছরের ভালো কর্মকাণ্ডের একটি সুন্দর প্রতিচ্ছবি যেন আগামী বছর আমরা দেখতে পাই।’
ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর এবং সংস্থার প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান বেগম উম্মুল হাছনা, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী পাটোয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আব্দুল হাই ও হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) মো. মশিউর রহমান নিজ নিজ দপ্তর এবং সংস্থার পক্ষে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। অপরপক্ষে ভূমি সচিব ভূমি মন্ত্রণালয়ের পক্ষে স্বাক্ষর করেন।