ভূমি ও মানবাধিকার বিষয়ে সচেতন করতে আদিবাসী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি ও মানবাধিকার বিষয়ে আদিবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য আগামী মাসে সিলেট নগরে মেলার আয়োজন করা হবে। গতকাল শনিবার বেসরকারি সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (একডো) পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে এই তথ্য জানানো হয়।
সকালে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হাবীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মনোয়ার মোর্শেদ। এটি সঞ্চালনা করেন একডোর প্রকল্প সমন্বয়কারী ইন্দ্রাণী সেন। তিনি ইউরোপীয় ইউনিয়ন ও অক্সফামের সহযোগিতায় পরিচালিত আদিবাসীদের ভূমি অধিকার ও ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন। এসব বিষয়ে তিনি জনসচেতনতা সৃষ্টির জন্য মেলা আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সভায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেট বিভাগীয় প্রধান সৈয়দা শিরিন আক্তার, মানবাধিকার সংগঠন ব্লাস্ট সিলেটের বিভাগীয় সমন্বয়কারী ইরফানুজ্জামান চোধুরী, বাংলাদেশ মণিপুরি মহিলা সমিতির সভাপতি এস রীনা দেবী, আদিবাসী সাংবাদিক রবি কিরণ সিংহ, মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সামেন্দ্র সিংহ, পাত্র সম্প্রদায় কল্যাণ সংস্থার লাবণী স্বার্তী, রবীন্দ্র পাত্র, আদিবাসী শিপা ওঁরাও, নৃপেন্দ্র সিংহ, সারতি ওঁরাও প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, ভূমি নিয়ে আদিবাসীদের মধ্যে সচেতনতার অভাব বেশি। ভূমি অধিকার ও ভূমি ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আদিবাসীদের মধ্য থেকে মানবাধিকারকর্মী গঠন, আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ বা অন্য কোনো মানবাধিকার লঙ্ঘনে দ্রুত আইনি সহায়তার উদ্যোগ গ্রহণ করতে হবে। এসব ক্ষেত্রে আদিবাসীদের সচেতন করার জন্য সিলেটে একটি মেলার আয়োজন করা দরকার।
জেলা প্রশাসক বলেন, আদিবাসীদের উন্নয়নে বর্তমানে সরকারি বেশ কয়েকটি প্রকল্পের কার্যক্রম চলছে। ভবিষ্যতে এ জনগোষ্ঠীর উন্নয়নে আরও প্রকল্প নেওয়া হবে।
একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ জানান, মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাসে সিলেট নগরে বড় পরিসরে আদিবাসী মেলার আয়োজন করা হবে।