ভূমি কমিশন আইন সংশোধন ও বিচারিক কাজ স্থগিতের দাবি
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন ও বিরোধ নিষ্পত্তির বিচারিক কার্যক্রম স্থগিত রাখার দাবিতে গতকাল রোববার রাঙামাটি ও খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে।রাঙামাটিতে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টার মানববন্ধন করা হয়। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রকি চাকমা প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বড় সমস্যা ভূমিবিরোধ। এ বিরোধ নিষ্পত্তিতে কোনো ত্রুটি থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই ভূমিবিরোধ নিষ্পত্তি হতে হবে পার্বত্যচুক্তির আলোকে।প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সালে জাতীয় সংসদে পাশের সময় পার্বত্য চুক্তির সঙ্গে বেশ কিছু বিরোধাত্মক ধারা রয়ে যায়। পরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সরকারকে ভূমিবিরোধ নিষ্পত্তি আইনের ২৩ ধারা সংশোধনের প্রস্তাব দেয়। ভূমি মন্ত্রণালয় ওই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে সংশোধনের সিদ্ধান্ত নেয়।স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছরের ১০ অক্টোবর রাঙামাটিতে অনুষ্ঠিত সভায়ও সরকারের পক্ষ থেকে আইন সংশোধনের সিদ্ধান্তের কথা জানানো হয়। আইন সংশোধনের আগে কমিশনের ভূমিবিরোধ নিষ্পত্তির বিচারিক কার্যক্রম শুরু করা পার্বত্য চুক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র ও দুরভিসন্ধিমূলক। স্মারকলিপিতে সই করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির রাঙামাটি জেলার আহ্বায়ক মংসানু চৌধুরী, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকুতি রঞ্জন চাকমা, জুমঈসথেটিকস কাউন্সিলের সভাপতি মিহির বরণ চাকমা, এমএন লামা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি মঙ্গল কুমার চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দেলনের সদস্য সচিব সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা।পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতিসহ কয়েকটি সংগঠন গতকাল দুপুর ১২টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তারা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সুপারিশ অনুযায়ী ভূমি কমিশন আইন অবিলম্বে সংশোধন, ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে প্রত্যাহার করে একজন নিরপেক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগের দাবি জানান।বক্তব্য দেন জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সভাপতি প্রভাকর চাকমা, সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি রণিক ত্রিপুরা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরাপদ তালুকদার, নাগরিক কমিটির মিলন দেওয়ান প্রমুখ।পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল প্রক্রিয়া অবিলম্বে বন্ধ, বন বিভাগের নামে ভূমি হুকুম-দখল প্রক্রিয়া ও সেনাক্যাম্প সম্প্রসারণের নামে জমি হুকুম-দখল প্রক্রিয়া অবিলম্বে বাতিলের দাবি জানান বক্তারা।একই দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (বিক্ষুব্ধ) গতকাল খাগড়াছড়ি সদরের মহাজনপাড়ায় সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করে।