ভূমি কমিশন আইন সংশোধন হচ্ছে না চলতি অধিবেশনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন জাতীয় সংসদের চলতি অধিবেশনেও সংশোধন হচ্ছে না। সংশোধনী প্রস্তাবগুলো নিয়ে এখনো কাজ করা হচ্ছে বলে ভূমি মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।এই কাজ শেষে আইন সংশোধনের প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন করাতে হবে। তারপর সেটি বিল আকারে সংসদে উত্থাপিত হবে। সংসদের চলতি অধিবেশন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা। এই সময়ের মধ্যে আইনটি সংশোধনের প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে না বলে সূত্রগুলো জানায়।গত ৩০ জুলাই অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় ওই আইনটির ১৩টি সংশোধনী সর্বসম্মতভাবে চূড়ান্ত করা হয়। ওই সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে বলা হয়েছিল, সংসদের চলতি অধিবেশনে সংশোধনীগুলো বিল আকারে উত্থাপন করা হবে।এর আগে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি সংশোধনীগুলো ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছিল।১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর ওই অঞ্চলের ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য ২০০১ সালে সংসদে আইনটি পাস হয়। আইন পাসের আগে এ বিষয়ে জেএসএসের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।এরপর জেএসএস ওই আইন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্যে ২৩টি অসামঞ্জস্য বের করে সেগুলো সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়। এই সংশোধনী ছাড়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর না করারও দাবি তোলে জেএসএস।২০০২ সাল থেকে প্রতিটি সরকার জেএসএসের ওই সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা এবং সংশোধনের বিষয়ে একমত পোষণ করেছে। কিন্তু কখনোই বিষয়টি চূড়ান্ত করে আইনটি পাস করা হয়নি।হস্তান্তরও বিলম্বিত হচ্ছে: পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আইন ১৯৮৯-এর ২২, ২৩ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘খ’ খণ্ডের ৩৪ ধারা অনুযায়ী স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিভাগ তিন পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরও বিলম্বিত হচ্ছে।গত ১ জুলাই থেকে পরপর তিন দিন মোট ১৮টি মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে সভা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে হস্তান্তরযোগ্য বিষয়গুলোর তালিকা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে পাঠানোর কথা।এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে সবগুলো বিভাগ হস্তান্তরের পরিকল্পনা ছিল। কিন্তু অধিকাংশ মন্ত্রণালয়ের তালিকা গতকাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে পৌঁছায়নি।জানতে চাইলে মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রায় দুই সপ্তাহ ছুটি থাকায় কিছুটা সমস্যা হয়েছে। এখন তালিকাগুলো পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।সরকার ও জনসংহতি সমিতির মধ্যে চুক্তি স্বাক্ষরের পর এ পর্যন্ত ১৭টি দপ্তর ও বিভাগের কিছু কিছু বিষয় জেলা পরিষদগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমান সরকারের আমলে দুটি জেলা পরিষদের কাছে মাত্র দুটি বিষয় হস্তান্তর করা হয়।