ভূমি কমিশন আইনের অপপ্রচারে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির উদ্বেগ
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সংশোধন নিয়ে আদিবাসী অধিকার ও আইনটি সম্পর্কে ব্যাপক অপপ্রচারে উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি।
গতকাল রোববার কমিটির সভাপতি গৌতম দেওয়ানের স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি সরকারের প্রতি অপপ্রচারকারীদের লাগাম টেনে ধরার এবং পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সংশোধনী অনুমোদন লাভ করে। সেই অনুমোদনকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে একটি মহল যেভাবে অপপ্রচার ও হরতাল-অবরোধ কর্মসূচি দিচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ২০১২ সালের ৩০ জুলাই আইনমন্ত্রী শফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১-এর ১৩টি ধারা সংশোধন বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠিত হয়। তার পরবর্তী জাতীয় সংসদ অধিবেশনে আইনটি সংশোধনী পাস করার কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে জাতীয় সংসদের দুটি অধিবেশন হয়ে গেলেও পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ সংশোধনের জন্য উত্থাপিত হয়নি।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে পাঁচটি বাঙালি সংগঠন তিনটি পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে গতকাল ভোর ছয়টা থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল পালন শুরু করেছে।