ভূমি কমিশন গঠন ও নিরাপত্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গতকাল ময়মনসিংহ শহরের গাঙ্গিনার পাড় এলাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন আদিবাসী সংগঠনের সদস্যরা l ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গতকাল ময়মনসিংহ শহরের গাঙ্গিনার পাড় এলাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন আদিবাসী সংগঠনের সদস্যরা l ছবি: প্রথম আলো

মন্ত্রণালয় ও পৃথক ভূমি কমিশন গঠন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা দাবি জানিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ ও টাঙ্গাইলে সভা ও শোভাযাত্রার আয়োজন করে তাঁরা এসব দাবি জানান।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পৃথক সমতল আদিবাসীবিষয়ক মন্ত্রণালয় এবং পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানিয়েছেন নেতারা। গতকাল বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সিলেটে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ ছাড়া আদিবাসী অঞ্চলের বিদ্যালয়ে নিজ নিজ ভাষার শিক্ষক নিয়োগেরও দাবি উত্থাপন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (একডো) যৌথ উদ্যোগে বেলা সাড়ে ১১টায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সনাক সিলেটের সহসভাপতি আজিজ আহমদ এবং স্বাগত বক্তব্য দেন একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ। সভায় এস রীনা দেবী, মিলন ওরাঁও, সাংস্কৃতিক সংগঠক এনায়েত হোসেন প্রমুখ বক্তব্য দেন।
মৌলভীবাজার: দুপুরে সনাক শ্রীমঙ্গল কার্যালয়ে যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম ও সনাক শ্রীমঙ্গল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক শ্রীমঙ্গলের সভাপতি সৈয়দ নেছার আহমদ। খাসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াংয়ের সঞ্চালনায় বক্তব্য দেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমি, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি সুনীল কুমার মৃধা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শ্যামল দেববর্মা, চা-জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বারাইক প্রমুখ।
টাঙ্গাইল: গতকাল সকালে গড় এলাকার পীরগাছা হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। পরে সেখানে ইউজিন নকরেকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সাংসদ সাবেক খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, আদিবাসী নেতা অজয় এ মৃ, উইলিয়াম দাজেল, থিউফিল নিশারন নকরেক, গৌরাঙ্গ বর্মণ, রমেশ চন্দ্র কোচ প্রমুখ অংশ নেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল সকালে ক্যাম্পাসে শোভাযাত্রা ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
ময়মনসিংহ: বেলা ১১টায় ময়মনসিংহ শহরের সি কে ঘোষ রোডে অবস্থিত ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আদিবাসী উদ্যাপন কমিটির মহাসচিব অরণ্য ই চিরানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আদিবাসীদের নেতা শশাঙ্ক রিছিল, পিন্টু আরেং, বিলিঙ রিছিল প্রমুখ।
কমলগঞ্জ (মৌলভীবাজার): বেলা সাড়ে ১১টায় শোভাযাত্রা শেষে পালকিছড়া চা-বাগান ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।