ভূমি কমিশন চেয়ারম্যানের কাজ কোনোটাই বৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন এবং কমিশনের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ ছাড়া ভূমি বিরোধ নিষ্পত্তির কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না। পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান গত তিন বছর যে কাজ করেছেন বলে দাবি করেন, তার কোনোটাই বৈধ নয়।গতকাল শুক্রবার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সভাকক্ষে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ও ভূমি বিরোধ নিষ্পত্তির বাস্তবতা’ শীর্ষক আঞ্চলিক সংলাপে তিন পার্বত্য জেলার জনপ্রতিনিধি, সামাজিক প্রধান, গবেষক, আইনজীবী, সাবেক সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নেতারা এসব কথা বলেন।বেসরকারি সংস্থা সেন্টার ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুডের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয় সভাকক্ষে দিনব্যাপী এই সংলাপের আয়োজন করে।নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানের সঞ্চালনায় বক্তারা বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরের দীর্ঘ এক যুগ অপেক্ষার পর আমরা বুঝতে পারছি, আন্দোলন ছাড়া ভূমি অধিকার আদায়সহ পার্বত্য চুক্তি বাস্তবায়ন হবে না।আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা বলেন, ২০০১ সালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন পাস হওয়ার পর আঞ্চলিক পরিষদ থেকে ২৩টি বিরোধাত্মক ধারা সংশোধনের সুপারিশ করা হয়। দীর্ঘ ১০ বছর পর সরকার ১৩টি ধারা সংশোধনে সম্মত হয়েছে। একইভাবে আঞ্চলিক পরিষদও অবশিষ্ট ১০টি ধারা সংশোনের বিষয়টি ছাড় দিয়েছে। কিন্তু সে ব্যাপারে সরকারের উদ্যোগ দেখা যাচ্ছে না। ভূমি বিষয়ে আর ছাড় দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা অভিযোগ করেন, জনসংহতি সমিতি ও শরণার্থী প্রতিনিধির প্রতিবাদ সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরীণ উদ্বাস্তু চিহ্নিত করার ছক ও সংজ্ঞা পরিবর্তন করে বাঙালিদের তালিকাভুক্ত করার ষড়যন্ত্র চলছে।পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সভাপতি রাংলাই ম্রো বলেন, পার্বত্য চুক্তির আগে নিরীহ সেটেলার (পুনর্বাসিত বাঙালি) এসেছে। চুক্তির পরে আসছে বিত্তবান সেটেলার। আদিবাসীদের ভূমি ইজারা দেওয়া হচ্ছে বহুজাতিক কোম্পানির নামে, দখল করা হচ্ছে বনভূমি সম্প্রসারণ ও স্থাপনার নামে।গবেষক জনলাল চাকমা বলেন, ‘আর’ খতিয়ানের (বাঙালিদের ভূমি বন্দোবস্ত দেওয়ার খতিয়ান) মাধ্যমে পার্বত্য এলাকায় বাঙালিদের ভূমির যে মালিকানা দেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে। কারণ এই খতিয়ান দেওয়ার সময় পার্বত্য চট্টগ্রামের ভূমি বন্দোবস্ত প্রদান ও ব্যবস্থাপনার প্রথা, আইন, রীতি-নীতি ও পদ্ধতি মানা হয়নি।কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যাপক মংসানু চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধিতে ‘খাসজমি’ বলতে কিছু নেই। কারণ পার্বত্য চট্টগ্রামে কোনো কালে জমিদারি প্রথা প্রচলিত ছিল না।সাবেক যুগ্ম সচিব উ ক্য জেন বলে, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ও পার্বত্য জেলা পরিষদ আইনে বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে। সেগুলো দূর করে আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করতে হবে।সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাগড়াছড়ি হেডম্যান অ্যসোসিয়েশনের সভাপতি শক্তিপদ ত্রিপুরা। আরও বক্তব্য দেন প্রবীণ আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, কাচালং কলেজের শিক্ষক দেব প্রসাদ চাকমা প্রমুখ।