ভূমি কমিশন চেয়ে আজ লংমার্চে নামছে আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে গত দুই বছরে সমতলের নয়জন আদিবাসীকে হত্যা করেছে ভূমিদস্যুরা। এঁদের মধ্যে নারী, শিশু ও একজন সহকারী কমিশনারও (ভূমি) রয়েছেন। এ অবস্থায় সমতলে আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের দাবিতে আবারও আন্দোলনে সোচ্চার হচ্ছেন আদিবাসীরা। দাবি আদায়ে আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জে লংমার্চ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের টাউনক্লাব মিলনায়তনে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ এ কর্মসূচি ঘোষণা করে। আজ সকালে গোমস্তাপুর উপজেলার আড্ডা মোড় থেকে এ লংমার্চ শুরু হয়ে নাচোল, আমনূরা হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। পরে সেখানে সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন তাঁরা। লংমার্চে ওয়ার্কার্স পার্টির সাংসদ ও আদিবাসীবিষয়ক সংসদীয় কমিটির আহ্বায়ক ফজলে হোসেন বাদশাসহ আরও দুই সাংসদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন। তিনি বলেন, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত নয়জন আদিবাসী ভূমিদস্যুদের হাতে খুন হন। এর মধ্যে নওগাঁর মান্দায় এক দিনেই চার আদিবাসী দিনমজুরকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নওগাঁর বদলগাছি উপজেলায় এক কন্যাশিশু ও দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইলে এক নারীকে ধর্ষণের পর হত্যা করে ভূমিদস্যুরা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মারান্ডিকে হত্যা করা হয়। এ ছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় আদিবাসীদের বাড়িঘরে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ভূমিদস্যুরা আদিবাসীদের পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে এমন নজিরও আছে।
সবশেষ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জিনারপুরে এক আদিবাসী নেত্রীকে মারধর ও যৌন নির্যাতন করেছে ভূমিদস্যুরা। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আদিবাসীরা সমতলে ভূমি কমিশন গঠনের দাবিতে আবারও রাজপথে নামছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুবিন মুন্ডা, সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড়, আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেমব্রম, সুসেন কুমার শ্যামদুয়ার, আদিবাসী ছাত্র পরিষদের হেমন্ত মাহাতো, দিলীপ পাহান প্রমুখ।