ভূমি কমিশন সংশোধনী আইন পাসের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিষয়ে প্রতিশ্রুতি ঘোষণার দাবি জানিয়েছেন লেখক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘আমরা চাই, যারাই সরকার গঠন করুক না কেন, তারা যেন ক্ষমতায় গিয়ে এসব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে।’
গতকাল বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন জাতীয় সংসদের চলতি অধিবেশনে পাস করার দাবিতে নাগরিক সমাজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর।
আদিবাসীরা ভোটের রাজনীতির বলি হচ্ছে বলে উল্লেখ করে সৈয়দ আবুল মকসুদ বলেন, সংশোধনী আইন পাসের ক্ষেত্রে সরকারের শুধু গড়িমসিই নয়, একটি বিশেষ চক্র আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় তা ধীরে ধীরে ঝুলিয়ে দেওয়ার অপচেষ্টাও করছে।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বারবার অঙ্গীকার করেছেন, এ সরকারের আমলেই পার্বত্য চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হবে। আমরা পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন সংসদে পাস করার মাধ্যমে এ অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চাই। তা করা না হলে আমরা মনে করব, চুক্তির বাস্তবায়ন নিয়ে সরকার ধোঁকাবাজি করেছে।’
আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান বলেন, পার্বত্য সমস্যা সমাধানে একটি বিশেষ মহল বরাবরই বাধার সৃষ্টি করে আসছে। এই গোষ্ঠীটি পাহাড়ে স্থায়ীভাবে সংকট জিইয়ে রাখতে চায়।