চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে আদিবাসী উদ্বাস্তুদের পুনর্বাসনের প্রস্তুতি প্রায় শেষ করেছে উপজাতীয় উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন-সম্পর্কিত টাস্কফোর্স। ভূমি কমিশনের কাজ শেষ হলেই বাকি আদিবাসীদের পুনর্বাসনের কাজ শুরু হবে।গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে টাস্কফোর্সের সভায় এ তথ্য জানানো হয়। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর টাস্কফোর্সের এটি তৃতীয় সভা।সভায় উপস্থিত ছিলেন ভারত-প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন-সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ যতীন্দ্রলাল ত্রিপুরা, টাস্কফোর্সের সদস্য-সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান, রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, খাগড়াছড়ির জেলা প্রশাসক আনিস-উল-হক ভূঁইয়া, বান্দরবানের জেলা প্রশাসক মিজানুর রহমান, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য বীর কিশোর চাকমা, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।বৈঠকে বাদ পড়া উদ্বাস্তু শনাক্ত করে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরুর পাশাপাশি এর আগে অর্জিত বিভিন্ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্রলাল বলেন, এখন থেকে এক-দুই মাস পরপর বৈঠক করা হবে। সদস্য-সচিব মো. সিরাজুল হক খান বলেন, শান্তিচুক্তি বাস্তবায়নে বর্তমান সরকারের সদিচ্ছা এবং আন্তরিকতা আছে।পার্বত্য শান্তিচুক্তি অনুসারে ভারত-প্রত্যাগত আদিবাসী উদ্বাস্তু পরিবারের সংখ্যা ১২ হাজার ২১২। এ ছাড়া আরও এক লাখ ১৫ হাজার ৭৮৮ পরিবারকে অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে চিহ্নিত করা হয়।