ভূমি কমিশনের বিচারিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বিচারিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির গত রোববারের বৈঠকে কমিশনের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এ অনুষ্ঠান বাতিল করা হলো।গতকাল সোমবার সকালে ভূমি কমিশনের সচিব আবদুল হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে বিচারিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করা হয়। অনুষ্ঠান স্থগিতের কোনো চিঠি পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে আবদুল হামিদ বলেন, ‘কোনো চিঠি পাইনি। অনুষ্ঠানে যেহেতু অতিথিরা আসেননি, তাই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।’অনুষ্ঠান উপলক্ষে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যালয়ে এত দিন যে কর্মব্যস্ততা ছিল, তা গতকাল একেবারেই ছিল না। কর্মচারীরা কার্যালয়ে বসে অলস সময় কাটিয়েছেন।কমিশন কার্যালয়ের দেয়ালে ২৭ ডিসেম্বর শুনানির জন্য ২৭টি মামলার তালিকা টাঙানোও হয়েছিল। কিন্তু কোনো শুনানি হয়নি।এদিকে গতকাল পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভূমি কমিশনের বিচারিক কার্যক্রম স্থগিত করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।