ভূমি কমিশনের বৈঠকে যোগ দিতে সন্তু লারমার প্রতি অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী আবারও সন্তু লারমা ও দেবাশীষ রায়কে কমিশনের বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘শান্তিচুক্তি বাস্তবায়নের স্বার্থে ভূমি কমিশনের বৈঠকে আপনাদের যোগ দেওয়া উচিত। আগামী ১৩ মে একটি সভা ডেকেছি। আমরা আশা করি, সেই সভায় সন্তু লারমা ও রাজা দেবাশীষ রায়সহ সবাই উপস্থিত থাকবেন।’গত সোমবার রাঙামাটি সার্কিট হাউসে কমিশনের অষ্টম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময চেয়ারম্যান উপরিউক্ত কথাগুলো বলেন। সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও চাকমা সার্কেলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ভূমি কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দরখাস্ত আহ্বান করেছি। ব্যাপক প্রচারণার ফলে আমরা আশানুরূপ সাড়াও পাচ্ছি। এ পর্যন্ত আমরা ১৪৩টি আবেদনপত্র পেয়েছি। সবার সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে কমিশন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।’ সকাল সোয়া ১০টায় কমিশনের অষ্টম সভায় কমিশনের চেয়ারম্যান ছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, অতিরিক্ত বিভাগীয় কশিনার নূরুল ইসলাম, জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, কমিশনের সচিব আবদুল হামিদ ও হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা অংশ নেন।