ভূমি কমিশনের সভায় অনুপস্থিত সন্তু লারমা ও দেবাশীষ রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে কোনো অমীমাংসিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার বিশেষ ক্ষমতা কমিশনের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। এ ধরনের ক্ষমতা আরও অনেক বিশেষ আইনে দেওয়া আছে। তিনি ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্তদের কমিশনের কাছে দরখাস্ত দাখিলের আহ্বান জানান। গতকাল রোববার সকালে রাঙামাটি সার্কিট হাউসে কমিশনের সদস্য, সরকারি কর্মকর্তা, হেডম্যান ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় খাদেমুল ইসলাম চৌধুরী এসব কথা জানান। রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে এ সভা হয়। তবে এতে ভূমি কমিশনের দুই সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা ও চাকমা রাজা দেবাশীষ রায় যোগ দেননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১-এ কমিশনের চেয়ারম্যানের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাসহ ১৯টি ধারা পার্বত্য চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। চুক্তি অনুযায়ী এসব ধারা সংশোধনের জন্য পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এদিকে আইন সংশোধন ছাড়া কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সন্তু লারমা ও দেবাশীষ রায়। এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য না হলে সংক্ষুব্ধ ব্যক্তি সংবিধানের ১০২ ধারা অনুযায়ী উচ্চ আদালতে আপিল করতে পারেন। আইন সংশোধনের দাবির ব্যাপারে কমিশনের চেয়ারম্যান বলেন, সংশোধনের কথা কমিশনে এসেও বলা যায়। যদিও আইন সংশোধনের ক্ষমতা কমিশনের নেই। তা ছাড়া আইন সংশোধন একটি দীর্ঘ প্রক্রিয়া। কমিশনের মেয়াদ মাত্র তিন বছর উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে বসে থাকার কোনো সুযোগ নেই। কমিশনের সদস্যদের উদ্দেশে বিচারপতি খাদেমুল ইসলাম বলেন, কমিশনে আসা আপনাদের নৈতিক দায়িত্ব। কোনো সমস্যা থাকলে তা বাইরে না বলে কমিশনে বসে কথা বলে সমাধান করতে হবে। এক প্রশ্নের জবাবে বিচারপতি খাদেমুল কমিশনের গণবিজ্ঞপ্তিতে ভূমি বেদখলের ব্যাপারে দরখাস্ত দাখিলের সময় দুই মাস নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক কেরোল চাকমা, পুলিশ সুপার মাসুদ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খলিলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।ভূমি কমিশনের মতবিনিময় সভায় যোগ না দেওয়া প্রসঙ্গে ব্যারিস্টার দেবাশীষ রায় গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ভূমি কমিশনের আইন সংশোধন করা না হলে কমিশনের কার্যক্রম কতটা ফলপ্রসূ হবে, এ ব্যাপারে আমি সন্দিহান। এসব মতবিনিময়ের আগে কমিশনের সব সদস্যকে নিয়ে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের আবেদনপত্রের একটি সঠিক কাঠামো তৈরি করে নেওয়া দরকার ছিল।’ বৈঠকে যোগ না দেওয়া প্রসঙ্গে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।